জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাকরিরত বাবার মৃত্যুতে কমপ্যাশনেট গ্রাউন্ডে চাকরি পেতে পারেন তাঁর বিবাহিত মেয়েও। শুধুমাত্র অবিবাহিত, বিধবা ও বিবাহবিচ্ছিন্ন কন্যাই নয়, বাবার চাকরি পেতে পারেন তাঁর বিবাহিত মেয়েও। এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট। বিবাহিত মেয়েদের মানবিক কারণে চাকরির অধিকার থেকে বঞ্চিত করা সংবিধানের ১৪ ধারার পরিপন্থী।
বিচারপতি এম এম সুন্দ্রেশ ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ বিহার সরকারের ২০১৪ সালের একটি নীতি খারিজ করে দিয়ে ওই রায় দিয়েছে।
কেন এই রায়? বিহারের এক মহিলা তাঁর বাবার মৃত্যুর পর মানবিক কারণে বাবার চাকরি দাবি করেন। তিনি বিবাহিত। কিন্তু বিহার সরকার তার সেই আবেদন খারিজ করে দেয়। কারণ তাদের সরকারি নীতিতে এরকম কোনও ব্যবস্থা ছিল না। এনিয়ে পাটনা হাইকোর্টও তাঁর দাবি নাকচ করে দেয়। এর পরই তিনি সুপ্রিম কোর্টে এনিয়ে আবেদন করেন। সেই মামলার রায়ে সুপ্রিম কের্টের বেঞ্চ বিহার সরকারের ওই নীতি খারিজ করে দেয়।
দিঘায় স্পা সেন্টারের ভিতরই পর্যটকদের সঙ্গে... মারাত্মক 'নোংরা খেলায়' গ্রেফতার ৪ যুবতী-১ পুরুষ
সুপ্রিম কোর্টের স্পষ্ট পর্যবেক্ষণ, কোনও পুত্র সন্তানের সঙ্গে কন্যা সন্তানের পার্থক্য করা অসংবিধানিক। মৃত বাবার চাকরির ক্ষেত্রে শুধুমাত্র অবিবাহিতা, বিবাহবিচ্ছিন্না ও বিধবা মেয়েরাই মানবিক কারণে চাকরি পাওয়ার যোগ্য, এরকম নীতি আইনের চোখে গ্রাহ্য হতে পারে না। বিয়ের পর মেয়েদের সঙ্গে তার বাপের বাড়ির সম্পর্ক শেষ হয়ে যায় এরকম পুরনো ধারনার আইনের চোখে কোনও মূল্য নেই।
এদিকে, সম্প্রতি ছত্তীসগড় হাইকোর্টেও এরকম একটি রায় দিয়েছে। আদালতের তরফে বলা হয়েছে, একজন বিবাহিত মহিলা শুধুমাত্র তাঁর স্বামীর উপরে নির্ভরশীল বলে তাঁকে বাবার চাকরি থেকে বঞ্চিত করা যায় না। কারণ নির্ভরশীলতা প্রতিটি মামলার ক্ষেত্রে আলাদা। এক্ষেত্রে ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে।

