জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এসে গেল রথ! সাজছে শ্রীক্ষেত্র পুরী। এবার পুরীতে নিরাপত্তা ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ভিড় নিয়ন্ত্রণে। সঙ্গে জোর দেওয়া হচ্ছে যান চলাচল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়গুলিতেও। থাকছে ড্রোনের মাধ্যমে আকাশপথে চব্বিশ ঘণ্টা নজরদারি চালানো।
থাকছে ড্রোন-প্রতিরোধী ব্যবস্থাও। ওড়িশা পুলিসের এক কর্তা জানিয়েছেন, ইতিমধ্যে সমুদ্রে নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং ওড়িশা পুলিশের মেরিটাইম স্টেশনের যৌথ টহল শুরু হয়েছে। এরপর নজরদারি জাহাজগুলিতে কুউক রেসপন্স টিম বা আপাতকালীন ব্যবস্থাপনা দল মোতায়েন করা হবে।
জমজমাট পুরী
পুরীতে এবার বিরাট ব্যবস্থা! ১৬ জুলাই পুরীতে যে রথযাত্রার অনুষ্ঠান হবে, তার জন্য ওড়িশা পুলিস স্থল, জল ও আকাশপথে বিপুল নজরদারির ব্যবস্থা করল। এই নজরদারি-সহ একটি বহুস্তরীয় নিরাপত্তা পরিকল্পনাও করছে ওডিশা। কেননা, পুরীতে ওই সময়ে রথে লক্ষ লক্ষ মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। নিরাপত্তা-পরিকল্পনার রূপরেখাটি মূলত স্থলে জনসমাগম নিয়ন্ত্রণ, যানচলাচল ব্যবস্থার উপর নজর দেবে।
ত্রিস্তরীয় নিরাপত্তাব্যবস্থা
অপরদিকে, আকাশপথে নিরাপত্তার জন্য ড্রোন ও ড্রোন-প্রতিরোধী ব্যবস্থাও রাখা হয়েছে। সমুদ্রে ভারতীয় নৌবাহিনী, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং ওড়িশা পুলিস মেরিটাইম স্টেশনের একটি যৌথ টহল ব্যবস্থা স্থাপন করা হয়েছে এবং জাহাজগুলিতে কিউআরটি (কুইক রেসপন্স টিম) মোতায়েন করা হবে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। মঙ্গলবার এক বৈঠকে ওড়িশা পুলিসের এই নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরা হয়। রথযাত্রাকে নিরাপদ, সুশৃঙ্খল ও ত্রুটিমুক্ত করার লক্ষ্যে সিআরপিএফ, বিএসএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), ইন্ডিয়ান কোস্ট গার্ডের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলিকে এই সময়ে কাজে লাগানো হবে।
রথ, উল্টোরথ
পুরীতে রথের চাকা গড়াল বলে। বহু ভক্ত শুধু পুরীতে নয়, সারা ভারতেই এই দিনটির দিকে তাকিয়ে বসে আছেন। বিশ্বাস যে, রথ অত্যন্ত শুভ একটি সময়। হিন্দু জ্যোতিষ বলে, সময়টা আধ্যাত্মিক ভাবে খুব সমৃদ্ধ। আত্মবীক্ষণ ও নতুন কোনও কিছু শুরু করার ক্ষেত্রে রথের দিনটির কোনও বিকল্প নেই। কবে এবছরের রথ? এবার রথ আগামী ১৬ জুলাই। বৃহস্পতিবার। শুক্লপক্ষের দ্বিতীয়ায় রথযাত্রা হয়। দ্বিতীয়া শুরু অবশ্য এর আগের দিন, ১৫ জুলাই, বেলা ১১টা ৫০ মিনিটে। শেষ হবে পরদিন ১৬ জুলাই সকাল ৮টা ৫২ মিনিটে। উল্টোরথ কবে? জগন্নাথের এই বিপরীতযাত্রা হবে ২৪ জুলাই শুক্রবার।
টানা ৫ দিন ৭ গ্রামে তল্লাশি, অবশেষে খতম হিট লিস্টে থাকা A++ ক্যাটেগরির শীর্ষ লস্কর জঙ্গি জাকির
জ্যোতিষ-তাৎপর্য
এবারের রথযাত্রায় বিশেষ কোনও জ্যোতিষ-তাৎপর্য আছে? রথযাত্রা আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় হয়। শুক্ল পক্ষকে মনে করা হয় অত্যন্ত শুভ। এটি সমৃদ্ধির, আশার, আরম্ভের , প্রাপ্তির সময়। যে-সময়ে আধ্যাত্মিক ফললাভও হতে পারে। জগন্নাথের সঙ্গে বলরাম ও সুভদ্রার এই যে রথযাত্রা, তা গতির প্রতীক। অতীতের মালিন্য ও বাধা থেকে নবজীবনের দিকে এগিয়ে যাওয়ার রূপক তা। ফলে, সময়টি নতুন কোনও কিছু শুরু করার পক্ষে আদর্শ। নতুন করে আধ্যাত্মিক ও জাগতিক সব ধরনের জার্নিই এদিন শুরু করা যেতে পারে। এবং এবারও যাবে।

