তথাগত চক্রবর্তী: নেপালে গিয়ে নিখোঁজ সোনারপুরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার লোপামুদ্রা কুণ্ডু। চীনের সীমান্তে থাকার কথা জানিয়েছিলেন। তারপর থেকে আর কোনও যোগাযোগ নেই।
পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার লোপামুদ্রা কুন্ডু। স্বামী শুভ্রজিত সিনহা রায় ব্যাঙ্ককর্মী। সোনারপুরের বৈকুন্ঠপুরের বাসিন্দা লোপামুদ্রা একাই ঘুরতে ভালোবাসতেন।
প্রতিবছরই বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেন তিনি। এবারও তেমনই বেরিয়ে পড়েছিলেন নেপালের উদ্দেশে। বাড়িতে রয়েছেন স্বামী, মা-বাবা, এক ছেলে ও এক মেয়ে।
গত ২১ অগাস্ট 'চলো যাই' নামক সংস্থার ৩২ জনের একটি দল নেপালের উদ্দেশে বেড়াতে বের হয়। সেই ট্যুর গ্রুপে ছিলেন লোপামুদ্রাও। নেপাল পৌঁছানোর পর পরিবারের সঙ্গে বুধবার সকালেও কথা হয়েছিল লোপামুদ্রার। ফোনে তিনি জানিয়েছিলেন, তাঁরা চীনের সীমান্ত এলাকায় রয়েছেন। আর সেখানে ফোনে যোগাযোগ করা সম্ভব হবে না।
এরপরই আসে দুর্যোগের খবর। দুর্যোগের পরেও একবার পরিবারের সঙ্গে ফের যোগাযোগ করে চিন্তা না করার কথা জানান লোপামুদ্রা। কিন্তু তারপর থেকেই আর কোনও যোগাযোগ নেই। তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে উদ্বেগে দিন কাটছে সোনারপুরের বৈকুন্ঠপুরের পরিবারের। লোপামুদ্রা কেমন আছে? কোথায় আছে? লোপামুদ্রেরা সঙ্গে ঠিক কী হয়েছে? তা নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা।
সকালে শেষ ফোন স্ত্রীকে, অভিবাসন দফতরে পৌঁছতেই মারণ স্রোতের ছোবল! খবর নেই তারকেশ্বরের স্নেহাশিসবাবুর

