জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরকীয়ার জেরে পথের কাঁটা স্বামীকে সরাতে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল এক নার্স ও তার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার নিজামাবাদ জেলায়। পুলিস জানিয়েছে, নিহতের নাম প্রশান্ত। ভয়ংকর এই খুনের অভিযোগে তাঁর স্ত্রী সন্ধ্যা, সন্ধ্যার প্রেমিক অনিল এবং অনিলের বন্ধু ভেঙ্কট সাইকে গ্রেফতার করেছে পুলিস।
অভিযোগ, প্রথমে স্বামীকে মদ্যপ অবস্থায় ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করে সন্ধ্যা। কিন্তু সেই চেষ্টা বিফলে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন আইভি (IV) লাইনের মাধ্যমে শরীরে টয়লেট ক্লিনার ইনজেক্ট করে প্রশান্তকে নৃশংসভাবে খুন করে পেশায় নার্স ওই স্ত্রী। গত ১ জুলাই নিহতের মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিস। তদন্তে গা শিউরে ওঠা হত্যাকাণ্ডের পর্দাফাঁস হয়।
তদন্তকারীদের দাবি, এই ভয়ংকর হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে ঠান্ডা মাথার ষড়যন্ত্র। প্রশান্ত সম্প্রতি গাল্ফ থেকে দেশে ফিরেছিলেন। কিন্তু অনিলের সঙ্গে সন্ধ্যার পরকীয়ার সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। নিজেদের সম্পর্কের মাঝে প্রশান্তকে মূল বাধা বলে মনে করত সন্ধ্যা ও অনিল। আর সেই কারণেই অনিল ও তাঁর বন্ধু ভেঙ্কট সাইয়ের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে চিরতরে সরিয়ে দেওয়ার ছক কষে সন্ধ্যা।
পুলিসি তদন্তে আরও জানা গিয়েছে, পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন অভিযুক্ত তিনজন মিলে প্রথমে প্রশান্তকে অতিরিক্ত মদ্যপান করান। এরপর তিনি মারাত্মক নেশাগ্রস্ত হয়ে পড়লে অনিল ও ভেঙ্কট সাই তাঁকে বেধড়ক মারধর করেন। এরপর তাঁরা প্রশান্তকে বাড়ির ছাদ থেকে নীচে ঠেলে ফেলে দেন। তবে ওপর থেকে পড়ে গিয়েও অলৌকিকভাবে বেঁচে যান প্রশান্ত। যদিও তাঁর শরীরে গুরুতর আঘাত লেগেছিল।
ধরা পড়ে যাওয়ার ভয়ে অভিযুক্তরা এরপর আরও এক ছক কষে। তারা প্রশান্তকে বোঝাতে সক্ষম হয় যে, অতিরিক্ত মদ খাওয়ার কারণেই তিনি নিজে নিজে ছাদ থেকে পড়ে গিয়েছেন। এরপর চিকিৎসার জন্য তাঁকে দ্রুত একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এখানেই শেষ নয়। হাসপাতাল চত্বরেই এই ষড়যন্ত্র আরও ভয়ংকর রূপ নেয়। পুলিস জানায়, হাসপাতালে প্রশান্তের শরীরে তখন স্যালাইনের আইভি (IV) লাইন চলছিল। সন্ধ্যা পেশায় একজন নার্স হওয়ায় নিজের চিকিৎসা সংক্রান্ত জ্ঞানকে অপব্যবহার করেন।
বাথরুমের মেঝের নীচে ৪৫ দিন! স্বামীকে খুনের পর টাইলস চাপা দিল স্ত্রী
কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের নজর এড়িয়ে তিনি একটি ইনজেকশনের মাধ্যমে স্বামীর আইভি লাইনে টয়লেট ক্লিনার পুশ করে দেয়। বিষাক্ত এই তরল শরীরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই প্রশান্তের মৃত্যু হয়। প্রশান্তের আকস্মিক মৃত্যুতে তাঁর মায়ের মনে গভীর সন্দেহের দানা বাঁধে। গত ১ জুলাই তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিস তিন অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই তারা ভেঙে পড়ে।
জেরার মুখে ভেঙ্কট সাই স্বীকার করে যে, প্রথম দফায় প্রশান্তকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার কাজে তিনি সরাসরি সাহায্য করেছিলেন। এরপরই পুলিস সন্ধ্যা, অনিল ও ভেঙ্কট সাইকে গ্রেফতার করে আদালতে পেশ করে। বিচারক তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বর্তমানে নিহতের দেহের ফরেনসিক পরীক্ষা চলছে এবং পুলিস ঘটনার আরও গভীরে যাওয়ার জন্য তদন্ত জারি রেখেছে।

