Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'দুর্গ জয় সহজ নয়!', 'বিগ বস বাংলা' নিয়ে সৌরভের হুংকার; কবে, কখন দেখা যাবে?

'দুর্গ জয় সহজ নয়!', 'বিগ বস বাংলা' নিয়ে সৌরভের হুংকার; কবে, কখন দেখা যাবে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাইশ গজের পিচ কাঁপানো চাল কিংবা 'দাদাগিরি'র মঞ্চে গুগলি সামলানো-সৌরভ গঙ্গোপাধ্যায় নামটাই এখন গ্যারান্টেড বিনোদন! আর সেই 'প্রিন্স অফ ক্যালকাটা' এবার ধরা দিতে চলেছেন একেবারে নতুন অবতারে। প্রায় এক দশক পর ছোটপর্দায় ফিরছে সুপারহিট রিয়্যালিটি শো 'বিগ বস বাংলা'।

মিঠুন চক্রবর্তী ও জিতের পর এবার ঘরের সেই চর্চিত কাণ্ডকারখানার রাশ সামলাবেন মহারাজ নিজে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে শো-র ধামাকাদার টিজার, আর তাতেই টলিপাড়ায় উত্তেজনার পারদ তুঙ্গে!

টিজারে দাদার রাজকীয় সোয়্যাগ ও কড়া হুঁশিয়ারি

প্রকাশিত প্রমোতে সৌরভের উপস্থিতি এককথায় তাক লাগিয়ে দেওয়ার মতো। চোখে কালচে সানগ্লাস, পরনে স্টাইলিশ স্যুট আর সেই সঙ্গে চেনা গম্ভীর কণ্ঠে দিনবদলের বার্তা। সৌরভের কথায়, "একটা সময় ছিল যখন সারা দুনিয়া বাঙালি বলতেই বুঝত এক লড়াকু জাতি, যারা কোনো প্রতিযোগিতায় হারত না। এবার আবার বাঙালির গর্জে ওঠার পালা। বাঙালি দেখাবে দিনবদলের খেলা।" এরপরেই প্রতিযোগীদের উদ্দেশে মহারাজের ঝুলিয়ে দেওয়া হুঁশিয়ারি- "এখানে ঢোকা যত সহজ, টিকে থাকা ততটাই শক্ত। কারণ দুর্গ জয় এত সহজ নয়!"

পারদ চড়লেও অনুরাগীমহলে একটাই আক্ষেপ

স্টার জলসা এবং জিও হটস্টারে দেখা যাবে এই মেগা রিয়্যালিটি শো। তবে টিজারে দাদার এই ঝাঁঝালো অবতার দেখে দর্শকরা যতটা উত্তেজিত, ঠিক ততটাই উসকে উঠেছে তাঁদের কৌতূহল। একের পর এক প্রমো বাজারে এলেও, আসল ধামাকা অর্থাৎ শো শুরু হওয়ার সঠিক সময় বা দিনক্ষণ এখনও গোপনই রেখেছেন নির্মাতারা। কমেন্ট বক্সে তাই নেটিজেনদের একটাই প্রশ্ন- "সব তো বুঝলাম দাদা, কিন্তু দুর্গ জয়ের খেলাটা টিভি স্ক্রিনে ঠিক কবে থেকে শুরু হচ্ছে?"

ভারত জুড়ে 'বিগ বস'-এর ঝোড়ো হাওয়া

শুধু বাংলাই নয়, দেশজুড়ে এখন 'বিগ বস'-এর মরশুম। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষাতেও শুরু হচ্ছে এই শো। সলমান খান, বিজয় সেতুপতি, নাগার্জুন, কিচ্চা সুদীপ এবং মোহনলালের মতো হেভিওয়েট তারকাদের পাশে এবার বাংলার মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। শোয়ের দুই দশকের এই দীর্ঘ সফল সফরকে স্মরণীয় করে রাখতে সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি বিশেষ কফি টেবিল বুক-'ইন্ডিয়াজ বিগ রিয়্যালিটি'। এখন দেখার, ঘরের চারদেওয়ালে বন্দি প্রতিযোগীদের সামলাতে দাদা কীভাবে তাঁর নিজস্ব 'দাদাগিরি' চালান!

'বিগ বস বাংলা' দেখা যাবে স্টার জলসার পর্দায়। শোনা যাচ্ছে, 'বিগ বস বাংলা' দেখানো হতে পারে প্রতিদিন রাত সাড়ে নটা অথবা রাত সাড়ে দশটার স্লটে। তবে সপ্তাহান্তে থাকবে বিশেষ চমক, যা এর বরাবরের বিশেষত্ব। শনি-রবি সম্প্রচারের সময়ে পরিবর্তন হয়ে তা হতে পারে রাত ৯.৩০। যদিও এই নিয়ে চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। যশ-নুসরত, পিয়া সেনগুপ্ত, সায়ক চক্রবর্তী ও অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো একাধিক তারকাকে এবার সম্ভাব্য প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে, তবে পুরো তালিকাটিই রাখা হয়েছে চরম গোপনে।

প্রসঙ্গত, ২০১৩ সালে ইটিভি বাংলায় শোয়ের প্রথম সিজন সঞ্চালনা করেছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী এবং প্রথম বিজয়ী হয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনীক ধর। ২০১৬ সালে কালার্স বাংলার পর্দায় 'বিগ বস বাংলা'র দ্বিতীয় সিজনে সঞ্চালকের দায়িত্বে ছিলেন সুপারস্টার জিৎ এবং সেখানে বিজয়ীর ট্রফি পান অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

'দাঁড়াতেই পারছেন না, কমছে না ব্যথা!', বন্ধ শ্যুটিং, মারাত্মক চোট পেয়ে মুখ খুললেন রশ্মিকা

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali