রাজীব চক্রবর্তী: তৃণমূল সাংসদ হিসেবে ইস্তফা দিলেও এবার বিজেপি সাংসদ হিসেবে রাজ্যসভায় দেখা যাবে সুখেন্দুশেখর রায় ও প্রকাশচিক বরাইককে? সূত্রের খবর তেমনই। তবে তৃতীয় আসনটিতে সুস্মিতা দেবের পরিবর্তে বাংলার কোনো চিত্র তারকাকে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। গতকাল টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিজেপি নেতাদের হাজির হওয়া সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে।
২৪-এই ফের ভোটে বাংলা! ৩ আসনে উপনির্বাচন, রাজ্যসভায় মোট কত আসন হতে চলেছে বিজেপির?
আগামী ২৪ জুলাই বাংলার রাজ্যসভার ৩ আসনে ভোটগ্রহণ। অংকের হিসেবে তিনটি আসনই পেতে চলেছে বিজেপি। দ্বিধাবিভক্ত বিরোধী তৃণমূলের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। যেহেতু পৃথকভাবে তিনটি আসনে নির্বাচন হচ্ছে, তাই রাজ্যসভার নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভায় এই মুহূর্তে মোট আসন সংখ্যা ২৯২ টির (শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবীর একটি করে আসন ছেড়ে দেওয়ার পর) মধ্যে প্রতিটি আসনে জয়ের জন্য প্রয়োজন ১৪৭ টি {(২৯২÷২)+১ = ১৪৭} ভোট। যা কোনভাবেই বিরোধীদের পক্ষে পাওয়া সম্ভব নয়।
বিজেপি শীর্ষ নেতৃত্ব সূত্রের খবর, রাজ্যসভা থেকে তৃণমূলের যে তিনজন সংসদ ইস্তফা দিয়েছেন, তাঁদের প্রত্যেককেই আবার রাজ্যসভায় ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে বিজেপি। শুধুমাত্র অসমের নেত্রী সুস্মিতা দেব বাংলার পরিবর্তে অসম থেকে রাজনীতি করতে চেয়েছেন। এ ব্যাপারে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার সঙ্গে তার বিস্তারিত আলোচনা এবং বৈঠক হয়েছে। এখন দেখার বাংলা থেকে তৃতীয় আসনটিতে সুস্মিতা দেবের পরিবর্তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা অন্য কাউকে প্রার্থী করা হয় কিনা।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক-এর পদত্যাগের ফলে রাজ্য়সভায় পশ্চিমবঙ্গের ৩ টি আসন শূন্য হয়ে পড়ে। সেই ৩টি আসনে ভোটগ্রহণের জন্য সোমবার বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী,৭ জুলাই ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। এরপরই শুরু হবে মনোনয়ন পর্ব। ১৪ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৫ জুলাই জমা পড়া মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি বা যাচাই করা হবে। ১৭ জুলাই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। এরপর ভোটগ্রহণ হবে ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। ওই একই দিন বিকেল ৫টা থেকে ভোটগণনা শুরু হবে। ২৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন।

