দেবব্রত ঘোষ: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা হাওড়া বাস টার্মিনাসের এবার ভোলবদলের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সোমবার হাওড়া স্টেশন সংলগ্ন বাস টার্মিনাস এলাকা পরিদর্শন করে নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই জানান, বর্তমান বাস টার্মিনাসের ভাঙাচোরা পরিকাঠামো ও যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে প্রথমে একটি অস্থায়ী বাসস্ট্যান্ড তৈরি করা হবে।
এরপর তৈরি হবে বড় ও আধুনিক বাস টার্মিনাস। ভবিষ্যতে সেটিকে মাল্টি-লেভেল ট্রান্সপোর্ট হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বেহাল বাস টার্মিনাসে এবার বদলের পালা
হাওড়া স্টেশনের কাছেই রয়েছে গুরুত্বপূর্ণ বাস টার্মিনাস। প্রতিদিন বহু মানুষ এই বাসস্ট্যান্ড ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরেই বাস টার্মিনাসের পরিকাঠামো নিয়ে অভিযোগ রয়েছে। ভাঙাচোরা ছাদ, অপরিচ্ছন্ন পরিবেশ এবং যাত্রীদের নানা সমস্যার কথা সামনে এসেছে। এই পরিস্থিতি বদলাতেই এবার নতুন পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সোমবার সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করেন নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই।
প্রথমে তৈরি হবে অস্থায়ী বাসস্ট্যান্ড
মন্ত্রী জানিয়েছেন, পুরো প্রকল্পের কাজ শুরু করার আগে অস্থায়ী বাসস্ট্যান্ড তৈরি করা হবে। এর জন্য ইতিমধ্যেই প্রাথমিক পরিকল্পনা তৈরি হয়েছে। অস্থায়ী বাসস্ট্যান্ড তৈরি হয়ে গেলে বর্তমান টার্মিনাসের জায়গায় পরবর্তী কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। এরপর সেখানে তৈরি হবে বড় এবং আধুনিক বাস টার্মিনাস।
শুধু বাসস্ট্যান্ড নয়, হবে ট্রান্সপোর্ট হাব
রাজ্য সরকারের পরিকল্পনা আরও বড়। ভবিষ্যতে হাওড়া বাস টার্মিনাসকে শুধু বাস দাঁড়ানোর জায়গা হিসেবে নয়, মাল্টি-লেভেল ট্রান্সপোর্ট হাব হিসেবে গড়ে তোলার ভাবনা রয়েছে। মন্ত্রী উমেশ রাইয়ের পরিকল্পনা অনুযায়ী, নতুন হাবে আলাদা আলাদা তলায় বিভিন্ন পরিবহণ ও নাগরিক পরিষেবার ব্যবস্থা থাকতে পারে।
কোন তলায় কী থাকবে?
পরিকল্পনা অনুযায়ী, গ্রাউন্ড ফ্লোরে থাকবে বাসস্ট্যান্ড। তার উপরের তলায় রাখা হতে পারে বিভিন্ন ধরনের পরিবহণের ব্যবস্থা। সেখানে থাকতে পারে ট্যাক্সি, ওলা, উবের, র্যাপিডো-সহ অন্যান্য পরিষেবা। অর্থাৎ বাস থেকে নেমেই যাতে যাত্রীরা সহজে ট্যাক্সি বা অ্যাপ ক্যাবে যেতে পারেন, সেই ব্যবস্থাও রাখা হতে পারে। শুধু পরিবহণ নয়, এই প্রকল্পের সঙ্গে বাণিজ্যিক পরিকাঠামোও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। উপরের তলায় মার্কেট, মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্স তৈরির ভাবনাও রয়েছে। ফলে ভবিষ্যতে হাওড়া বাস টার্মিনাস শুধুমাত্র যাতায়াতের জায়গা না হয়ে একটি বড় নাগরিক ও বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠতে পারে। তবে এই পুরো প্রকল্প এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে। প্রকল্পটি বড় হওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। তাঁদের মতামত এবং প্রয়োজনীয় সমীক্ষার পরই চূড়ান্ত পরিকল্পনা তৈরি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
একাধিক দফতর একসঙ্গে কাজ করবে
হাওড়া বাস টার্মিনাসের এই বড় প্রকল্প বাস্তবায়নে একাধিক সরকারি সংস্থাকে একসঙ্গে নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। রেল, কেএমডিএ, হাওড়া পুরনিগম এবং জেলা প্রশাসন-এই সংস্থাগুলিকে নিয়ে যৌথভাবে কাজ করার পরিকল্পনা করা হচ্ছে। হাওড়া স্টেশনের লাগোয়া গুরুত্বপূর্ণ এই পরিবহণ কেন্দ্রকে নতুন করে সাজানো গেলে যাত্রীদের পরিষেবা আরও উন্নত হবে বলেই আশা করা হচ্ছে।
আরও পড়ন, স্বপ্নের ইন্টার্নশিপই ডেকে আনল কাল! জাপানে রহস্যমৃত্যু IIT খড়গপুরের মেধাবী শ্যামের
ধেয়ে আসছে মুষলধারে বৃষ্টি! ভয়াল নিম্নচাপের থাবায় রাজ্যজুড়ে দুর্যোগ, কোন কোন জেলা

