Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গিলে নিচ্ছে রাক্ষুসে স্রোত! আমগাছ আঁকড়ে ঘণ্টার পর ঘণ্টা বাঁচার অবিশ্বাস্য লড়াই চব্বিশের যুবকের, শেষে...

গিলে নিচ্ছে রাক্ষুসে স্রোত! আমগাছ আঁকড়ে ঘণ্টার পর ঘণ্টা বাঁচার অবিশ্বাস্য লড়াই চব্বিশের যুবকের, শেষে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেপালের ভয়াবহ হড়পা বান। চারদিকে শুধু জল, কাদা আর পাথরের স্রোত। চোখের সামনে ভেসে যাচ্ছে বাড়িঘর, রাস্তা, গাড়ি। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই আমগাছ আঁকড়ে ধরে প্রাণ বাঁচালেন এক শ্রমিক। তাঁর বেঁচে যাওয়ার ঘটনা এখন সামনে এসেছে নেপালের ভয়াবহ বন্যার অন্যতম চমকে দেওয়ার ঘটনা হিসেবে।

২৪ বছরের বিবেক কুমাল নেপালের বিদুর এলাকায় একটি নতুন তৈরি বাড়ির বাইরে শৌচাগারের জন্য গর্ত খোঁড়ার কাজ করছিলেন। তাঁর সঙ্গে আরও চারজন শ্রমিক ছিলেন। হঠাৎ তাঁরা অদ্ভুত এক শব্দ শুনতে পান। কয়েক মুহূর্তের মধ্যেই পাহাড়ি এলাকা দিয়ে নেমে আসে জল, কাদা ও পাথরের বিশাল স্রোত।

বিবেক তখন প্রায় পাঁচ ফুট গভীর গর্তের মধ্যে ছিলেন। উপরে থাকা তাঁর সহকর্মীরা তাঁকে দ্রুত বেরিয়ে এসে পালাতে বলেন। কোনওরকমে গর্ত থেকে বেরিয়ে দৌড়তে শুরু করেন তিনি। কিন্তু ততক্ষণে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। বিবেক জানান, আচমকাই তাঁর দিকে ধেয়ে আসে জলের বিশাল দেওয়াল। এতটাই প্রবল ছিল সেই স্রোত যে, তিনি নিজেকে সামলাতে পারেননি। জল, কাদা এবং পাথরের সঙ্গে তাঁকেও ভাসিয়ে নিয়ে যায় স্রোত।

তারপরই ঘটে যায় সেই অবিশ্বাস্য ঘটনা। স্রোতে ভেসে যেতে যেতে একটি আমগাছের সঙ্গে আটকে যান বিবেক। প্রাণপণে গাছটি আঁকড়ে ধরে থাকেন তিনি। সেই গাছই শেষ পর্যন্ত তাঁর প্রাণ বাঁচায়। হাসপাতালের শয্যায় বিবেক জানিয়েছেন, আমগাছটি না থাকলে তিনি নিশ্চিতভাবে ভেসে যেতেন। গাছের উপর আটকে থাকা অবস্থায় নিজের চোখের সামনে কর্মস্থলের বাড়িটিকেও জলের স্রোতে ভেসে যেতে দেখেন বিবেক। পরে পুলিস ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যায়। এই ঘটনায় বিবেকের ডান পায়েও চোট লাগে। প্রথমে প্রবল জলের ধাক্কা এবং পরে একটি বড় পাথরের আঘাতে তাঁর পা জখম হয়। বর্তমানে কাঠমান্ডুর ন্যাশনাল ট্রমা সেন্টারে চিকিৎসাধীন তিনি।

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল

নেপালের হিমালয় সংলগ্ন এলাকায় ২৬ অগাস্ট ভয়াবহ হড়পা বান ও কাদার স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জল, কাদা ও পাথরের স্রোতে বহু বাড়ি, রাস্তা ও অন্যান্য পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত অন্তত ১৫৭ জনের মৃত্যুর কথা বলা হচ্ছে এবং বহু মানুষ নিখোঁজ। এই ভয়াবহ বন্যার সূত্রপাত নিয়ে প্রথমে ভূমিকম্পের সম্ভাবনার কথা সামনে এসেছিল। পরে সীমান্তবর্তী এলাকায় মাটি ও পাথরের বড় অংশ নদীতে ধসে পড়ার ঘটনাকে বন্যার অন্যতম সম্ভাব্য কারণ হিসেবে দেখা হয়। তবে, ঘটনার কয়েক মিনিট আগে ৪.৪ মাত্রার ভূমিকম্পও নাকি রেকর্ড হয়েছিল। ়

শুধু বিবেক নন, আরও অনেকের লড়াই

বিবেকের পাশাপাশি আরও অনেকে এই ভয়াবহ বিপর্যয় থেকে প্রাণে বেঁচেছেন। ১১ বছরের রিহানা লামিছানেও বন্যার জলে ভেসে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। স্কুল বন্ধ করে বাড়ি ফেরার সময় নদী পার হওয়ার মধ্যে আচমকা জল নেমে আসে। তাঁর বুক ও পায়ে চোট লাগে। নেপাল এমনিতেই পাহাড়ি দেশ হওয়ায় বর্ষাকালে বন্যা ও ধসের ঝুঁকি বেশি। এই বিপর্যয় আরও একবার দেখিয়ে দিল, পাহাড়ি এলাকায় আচমকা নেমে আসা জল ও কাদার স্রোত কতটা ভয়াবহ হতে পারে।

হাসপাতালের বিছানায় লছিমানে বলেন, "আমি স্কুলেই ছিলাম। এ কারণে তারা স্কুল বন্ধ করে দেয় এবং আমাদের বাড়ি চলে যেতে বলে। যখন আমি নদী পার হচ্ছিলাম, হঠাৎ করে প্রবল বেগে বন্যার জল নেমে আসে। নিরাপদে থাকতে পেরে আমি খুশি। আমার বন্ধুদের কী হয়েছে, সে বিষয়ে আমার কোনো ধারণাই নেই।" তার মা রিতা বলেন, এক বন্ধুর কাছ থেকে ফোন পাওয়ার পর তিনি মেয়েকে খুঁজতে ছুটে যান। তিনি আরও বলেন, "আমার মেয়ের বড় ধরনের কিছু হয়নি দেখে আমি খুশি। তাকে নিরাপদে খুঁজে পেয়ে আমি স্বস্তি পেয়েছি।"

নেপালে মহাপ্রলয়: অন্তত ১৬০ মৃত্যু, নিখোঁজ ৭৫০! দেশজুড়ে হাহাকার-আর্তনাদ

ভয়াল বন্যার সংহার স্রোতে আছড়ে পড়ল দানবীয় ঢেউ... মহাপ্রলয়ের ধ্বংসলীলায় নিশ্চিহ্ন নেপালে আর্তনাদ-হাহাকার

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali