নারায়ণ সিংহ রায়: প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া ও কাউন্সিলিংকে কেন্দ্র করে চরম উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর। লেকচার থিয়েটার-১-এর ভেতরে ঢুকে চিকিৎসকদের বেধড়ক মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল বহিরাগত এবিভিপি সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা এবং কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন আক্রান্ত চিকিৎসকরা।
ঘটনার সূচনা হয় কাউন্সিলিং চলাকালীন। অভিযোগ, লেকচার থিয়েটার-১ এর বাইরে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন-এর পক্ষ থেকে হেল্পডেস্ক বসানো হয়েছিল। সংগঠনের সম্পাদক তথা ইন্টার্ন ড. হিরণ্ময় রায়ের দাবি, তাঁরা নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সাহায্য করার সময় আচমকাই এবিভিপি ও বিজেপির কিছু বহিরাগত যুবক এসে চড়াও হয়।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযুক্তরা লেকচার থিয়েটারের ভেতরে ঢুকে হামলা চালায়। ড. হিরণ্ময় রায় ক্ষোভ প্রকাশ করে জানান যে, তাঁদের টেবিলে মাথা ঠুকে মারধর করার পাশাপাশি লাথি ও জুতো চালানো হয়েছে। এমনকি সহকর্মী ড. পৌশালী পাত্র ও মনিষা সাউয়ের শ্লীলতাহানি করে মোবাইল ও স্টেথোস্কোপ কেড়ে নেওয়া হয় বলে তিনি জানান। উল্টে পুলিস এসে হামলাকারীদের ছেড়ে আক্রান্তদেরই বের করে দেয় বলে অভিযোগ তোলেন তিনি।
আক্রান্ত অপর ইন্টার্ন ড. পৌশালী পাত্র একইভাবে ক্ষোভ উগরে দিয়ে জানান যে তাঁদের ফোন কেড়ে নেওয়ায় পুলিসকে খবর দেওয়ার সুযোগও মেলেনি। তিনি প্রশ্ন তোলেন, অভিভাবকতুল্য অধ্যক্ষ কলেজে বহিরাগতদের আক্রমণ রোধ করতে ব্যর্থ হয়ে এখন শুধু লিখিত অভিযোগ দিতে বলছেন, কিন্তু বাস্তবে সেই অভিযোগ করার সুযোগটাই দেওয়া হয়নি। তবে মারধরের যাবতীয় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে এবিভিপি। সংগঠনের কার্যকর্তা অভিজিৎ রায় জানান, ভর্তি প্রক্রিয়ায় সহায়তার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে তাঁদের ১৫-২০ জন সদস্যের কাছে অনুমোদিত কার্ড ছিল। তাঁর পাল্টা অভিযোগ, এআইডিএসও-র কিছু বহিরাগত সদস্য কোনও কার্ড ছাড়াই ভিড় জমিয়ে প্রশাসনিক কাজে বাধা দিচ্ছিল। সিকিউরিটি বারণ করা সত্ত্বেও না সরায় বাকবিতণ্ডা ও সামান্য হাতাহাতি হয়। হেল্পডেস্কে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাঁরাই পুলিসের কাছে এফআইআর করবেন বলে জানান।
ঘটনাস্থলে মেডিক্যাল ফাঁড়ির পুলিস পৌঁছলেও কোনো মারধরের খবর মানতে রাজি হয়নি প্রশাসন। এসিপি অনির্বাণ মজুমদার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে বলেন, ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবেই এগোচ্ছে এবং বহিরাগত হামলার কোনও সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা যেন আতঙ্কিত না হন সেদিকে নজর রাখা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, ছাত্র-চিকিৎসকদের আচরণ ছাত্রদের মতোই হওয়া উচিত এবং লিখিত অভিযোগ পেলে পুলিস আইনি ব্যবস্থা নেবে।
ক্যাম্পাসের অভ্যন্তরে লেকচার থিয়েটারে চলা এই বেনজির বিশৃঙ্খলা ও চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সুজয় মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

