জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নৌবাহিনী এখন অগ্নিবীর এসএসআর (Agniveer SSR) ও অগ্নিবীর এমআর (Agniveer MR) পদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে (INET 2026)। আর তার দিনক্ষণ ঘোষিত। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সিনিয়র সেকেন্ডারি রিক্রুট (SSR), ম্যাট্রিক রিক্রুট (MR) এবং এসএসআর মেডিক্যাল (SSR Medical)' পদে লোক নেওয়া হবে।
কম্পিউটারাইজড পদ্ধতিতে আয়োজিত ২০২৬ সালের অগ্নিবীর নিয়োগের (Agniveer Recruitment 2026) এর লিখিত পরীক্ষা সারা দেশজুড়ে ১৩, ১৪ এবং ১৫ মে হবে।
অগ্নিবীরের পরীক্ষা হবে চার ধাপে
প্রথম পর্যায় (আইএনইটি পরীক্ষা): কম্পিউটারাইজড অনলাইন পরীক্ষা (সিবিটি)। শুধুমাত্র সেইসব শিক্ষার্থীই পরবর্তী পর্যায়ে যাওয়ার অনুমতি পায়, যারা এই পর্যায়ে সফল ভাবে উত্তীর্ণ হয়।
দ্বিতীয় পর্যায় (পিএফটি এবং লিখিত পরীক্ষা): দ্বিতীয় পর্যায়ে শারীরিক সক্ষমতার পরীক্ষা (পিএফটি) এবং আরেকটি লিখিত পরীক্ষা অন্তর্ভুক্ত থাকে।
তৃতীয় পর্যায় (নথিপত্র যাচাইকরণ): এই পর্যায়ে ভারতীয় নৌবাহিনী সমস্ত পরীক্ষার্থীর শিক্ষাগত এবং ব্যক্তিগত নথিপত্র যাচাই করা হয়।
চতুর্থ পর্যায় (চিকিৎসা পরীক্ষা): ভারতীয় নৌবাহিনীতে 'অগ্নিবীর' হিসেবে নির্বাচিত হওয়ার জন্য নির্ধারিত চিকিৎসার মানদণ্ড পূরণ করা বাধ্যতামূলক।
শারীরিক সক্ষমতা পরীক্ষার মানদণ্ড: শারীরিক সক্ষমতা পরীক্ষার ক্ষেত্রে নৌবাহিনীর কঠোর মানদণ্ড রয়েছে। পুরুষ প্রার্থীদের ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১.৬ কিলোমিটার দৌড় শেষ করার পাশাপাশি ২০টি স্কোয়াট এবং ১২টি পুশ-আপ দিতে হয়। সেখানে নারী প্রার্থীদের ১.৬ কিলোমিটার দৌড় ৮ মিনিটের মধ্যে শেষ করতে হয়। তাঁদের ১৫টি সিট-আপ এবং ১০টি 'বেন্ট-নি' সিট-আপ (হাঁটু ভাঁজ করে সিট-আপ) দিতে হয়। ছেলেদের ১৫৭ সেমি এবং মেয়েদের ১৫২ সেমি উচ্চতা হতেই হবে।
অগ্নিবীর প্রার্থীর যোগ্যতার শর্তাবলি কী কী? অগ্নিবীর এসএসআর এবং এমআর পদে আবেদনের করতে হলে অবিবাহিত ভারতীয় নাগরিক (ছেলে ও মেয়ে) হতে হবে। এসএসআরের জন্য দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে গণিত ও পদার্থবিদ্যা থাকতে হবে। এছাড়া কেমিস্ট্রি/বায়োলজি/কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনও একটি বিষয় থাকতে হবে। এমআর হতে গেলে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ক্লাস টেন পাস আবশ্যিক। বয়স ১৭.৫ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
আইএনএস চিল্কায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে: সমস্ত ধাপ পেরিয়ে সারা দেশের যেসব প্রার্থী সফল হবেন তাঁদের মৌলিক প্রশিক্ষণের জন্য ওড়িশায় পাঠানো হবে। খুরদা জেলার চিল্কা হ্রদের তীরবর্তী আইএনএস চিল্কা ভারতীয় নৌবাহিনীর প্রধান নাবিক প্রশিক্ষণ কেন্দ্র। বালুগাঁওয়ের কাছে অবস্থিত এই কেন্দ্রে নৌবাহিনীর নাবিক ও অগ্নিবীরদের ১৬ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়। নৌবাহিনীর কঠোর পরিস্থিতি এবং কারিগরি কাজের জন্য অগ্নিবীরদের প্রস্তুত করার ক্ষেত্রে এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
অগ্নিবীর এসএসআর ও এমআরের বেতন কেমন?
(চার বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হয়)
প্রথম বছর প্রতি মাসে ৩০০০০ টাকা (ইন-হ্যান্ড ২১০০০ টাকা + ৯০০০ অগ্নিবীর কর্পাস ফান্ডে)
দ্বিতীয় বছর: প্রতি মাসে ৩৩০০০ টাকা (ইন-হ্যান্ড ২৩১০০ টাকা + ৯৯০০ টাকা ফান্ডে)
তৃতীয় বছর: প্রতি মাসে ৩৬৫০০ টাকা (ইন-হ্যান্ড ২৫৫৫০ টাকা + ১০৯৫০ ফান্ডে)
চতুর্থ বছর: প্রতি মাসে ৪০০০০ টাকা (ইন-হ্যান্ড ২৮০০০ টাকা + ১২০০০ ফান্ডে)
অগ্নিবীর এসএসআর ও এমআরের সুযোগ-সুবিধা:
সেবা নিধি প্যাকেজ: চার বছর পর কর-মুক্ত হিসেবে প্রায় ১০.০৪ লক্ষ টাকা থেকে ১১.৭১ লক্ষ (সুদ সহ) টাকা এককালীন পাওয়া যায়
বীমা সুবিধা: চাকরির সময় ৪৮ লক্ষ টাকার জীবন বীমার সুবিধা রয়েছে
ভাতা: ঝুঁকি ও কষ্ট ভাতা, পোশাক ভাতা এবং ভ্রমণ ভাতা নিয়ম অনুযায়ী পাওয়া যাবে
ছুটি: বছরে ৩০ দিন ছুটি।
চিকিৎসা সুবিধা: সার্ভিস হাসপাতালে চিকিৎসার সুবিধা
অন্যান্য: ক্যাফেটেরিয়া সিস্টেমে খাদ্য ও আবাসন সুবিধা
স্থায়ী হওয়ার সুযোগ: ৪ বছর পর মেধার ভিত্তিতে ২৫% অগ্নিবীরকে স্থায়ী নৌসেনা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
অ্যাডমিট কার্ড তথ্য: প্রার্থীরা বর্তমানে তাদের অ্যাডমিট কার্ডের অপেক্ষায়। দ্রুতই নেভির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ডগুলি আপলোড করা হবে। সাধারণত পরীক্ষার ৭ থেকে ১০ দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হয়। পরীক্ষার্থীরা তাদের লগইন তথ্যাদি ব্যবহার করেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে চলতি বছর আর কেউ অগ্নিবীর পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন না। ১৪ মার্চ থেকে ৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদনের সুযোগ ছিল। ফলে এখন এক বছরের অপেক্ষা।

