জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিপাড়ার অতি পরিচিত ও জনপ্রিয় মুখ রচনা বন্দ্যোপাধ্যায়। বাণিজ্যিক বাংলা সিনেমায় বছরের পর বছর রাজত্ব করার পর ছোটপর্দায় 'দিদি নম্বর ১'-এর সঞ্চালিকা হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন বাঙালির ঘরে ঘরে। অভিনয়ের গণ্ডি পেরিয়ে এখন তিনি সক্রিয় রাজনীতির ময়দানেও।
আর রচনার এই নতুন রাজনৈতিক পরিচয় নিয়েই এবার মুখ খুললেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী, টলিউডের অন্যতম প্রবীণ অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।
বছরের পর বছর একসঙ্গে কাজ করার সুবাদে রচনা-চিরঞ্জিতের সম্পর্ক বরাবরই মধুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে রচনাকে নিয়ে হালকা রসিকতার সুরে, তবে বেশ তাৎপর্যপূর্ণ কিছু কথা বললেন চিরঞ্জিত। রাজনীতির মঞ্চে সহকর্মীর এই নতুন অবতার দেখে বেশ সন্তুষ্ট তিনি। তাঁর কথায়, রচনা রাজনীতিতে একজন দক্ষ মুখপাত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রসঙ্গে রচনার সাবলীল বাচনভঙ্গি চিরঞ্জিতের বেশ নজর কেড়েছে।
চিরঞ্জিতের কথায়, রচনার বাচনভঙ্গিই এখন রাজনৈতিক পরিমণ্ডলকে জমিয়ে রাখছে। তাঁর নানা মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক-ইনস্টাগ্রাম প্রায়ই সরগরম হয়ে ওঠে। খোলাখুলি ভাবেই প্রবীণ অভিনেতা স্বীকার করেন, "রচনার কথা বলার এই বিশেষ দক্ষতা সম্পর্কে আগে আমার তেমন ধারণা ছিল না।" তাঁর মতে, এটি রচনার একেবারে নতুন এক গুণ, যা সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে এসেছে। তবে রচনার যোগ্যতা কিংবা লাইমলাইটে থাকা নিয়ে নেটদুনিয়া ও সাধারণ মানুষের একাংশে যে প্রশ্ন উঠেছে, সে বিষয়ে কোনও কড়া প্রতিক্রিয়া দেননি চিরঞ্জিত। বরং গোটা বিতর্কটিকেই তিনি হালকা চালে, ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেছেন।
নির্বাচনী জয় ও ফুটপাথ নিয়ে রচনার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে চিরঞ্জিত সেটিকে অনেকটা "ছেলেমানুষি" বলেই উড়িয়ে দেন। হাসতে হাসতে তিনি বলেন, "ও তো অনেক ছোট, এসব ছেলেমানুষি!" তাঁর সংযোজন, বয়সে ছোট বলেই হয়তো রচনা না বুঝেই কিছু কথা বলে ফেলেন, তবে তার প্রতিক্রিয়া কেমন হবে সেটা বোঝার দায়িত্বও তাঁরই। সময়ের সঙ্গে রচনা নিজেই তা উপলব্ধি করবেন বলে মনে করেন চিরঞ্জিত। তিনি বলেন, 'রচনা বয়সে এখনও অনেক ছোট, তাই ও বুঝে বা না বুঝে কী বলছে এবং তার প্রতিক্রিয়া বা ফলাফল কী হতে পারে সেটা রচনার নিজেরই বোঝা উচিত এবং ও নিজেই সেটা বুঝবে।'
এই নিয়ে বাড়তি বিতর্কে জড়াতে চাননি তিনি। সব মিলিয়ে, রচনার নয়া রাজনৈতিক ইনিংস এবং তাঁর চিরচেনা চঞ্চল স্বভাবকে বেশ উপভোগ করছেন বলেই মনে হল প্রবীণ অভিনেতার কথায়।
চ্যাট-বোমা থেকে চোর-ডাকাত খোঁচা: দেবরাজ গ্রেফতার হতেই অদিতির অতীত টানলেন

