জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৫৪ বছরে পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক স্বাভাবিক ভাবেই, এদিন তাঁর প্রিয়জনদের থেকে পাওয়া উপহারে ভরে যাবেন। তবে বুধবার সকালেই সৌরভ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, সেরা উপহার তিনি পেয়ে গিয়েছেন! সিএবি প্রেসিডেন্ট তাঁর বায়োপিকের ('দাদা- দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি') ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন।
পর্দায় সৌরভের ভূমিকায় দেখা যাবে বলিউডের প্রথমসারির অভিনেতা রাজকুমার রাওকে। সৌরভ লিখেছেন, 'সর্বকালের সেরা উপহার! তোমার কভার ড্রাইভ দেখার জন্য আর তর সইছে না রাজকুমার...!'
লর্ডসের সেই আবেগ উধাও!সৌরভের বায়োপিকের প্রথম ঝলকে প্রশংসায় বলিউড, কী বলছে নেটপাড়া?
আগামী বছরেই শুভমুক্তি
২০২৭ সালের ১৪ মে বড়পর্দায় মুক্তি পাবে সৌরভের জীবনের ছবি। নিজের বায়োপিক নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত মহারাজ। বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট এদিন তাঁর সমাজ মাধ্যমের পাতায় ভিডিয়ো শেয়ার করে বলেছেন, 'জন্মদিনের শুভেচ্ছার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। প্রতি বছরই দেশ-বিদেশের অসংখ্য মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও স্নেহ পাই, তা আমাকে গভীর ভাবে বিনম্র ও কৃতজ্ঞ করে তোলে। আজ আমার বায়োপিকের প্রথম ঝলক প্রকাশিত হয়েছে। আমার মনে হয় রাজকুমার অসাধারণ কাজ করেছেন। বিষয়টি আমার আরও বিশেষ হয়ে উঠেছে কারণ আমাকে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ফাইনাল এবং লর্ডসের ব্যালকনির স্মৃতিতে ফিরিয়ে দিয়েছে। রাজকুমার এবং আমার বায়োপিকের কলাকুশলীরা তা পুনর্নির্মাণ করেছেন। তাই জন্মদিনের শুভেচ্ছার জন্য আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ। যেমনটা আমি আগেও বলেছি, প্রতি বছরই এই ভালোবাসা আমাকে অত্যন্ত বিনম্র ও কৃতজ্ঞ করে তোলে।'
যে গল্পে আগুন আছে
'দাদা- দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি' এমন এক ব্যক্তির অসাধারণ যাত্রার কাহিনি তুলে ধরে, যিনি কেবল খেলায় অংশই নেননি, বরং খেলার মোড়ই ঘুরিয়ে দিয়েছিলেন। একজন প্রতিভাবান তরুণ ক্রিকেটার থেকে ভারতের অন্যতম প্রভাবশালী অধিনায়ক হয়ে ওঠার পথে তাঁর যে উত্থান, তা এই সিনেমায় তুলে ধরা হয়েছে। পাশাপাশি, এতে উদযাপন করা হয়েছে সেই অদম্য মনোবল, সহনশীলতা ও দৃঢ় সংকল্পকে-যা ভারতীয় ক্রিকেটের সংজ্ঞা বদলে দিয়েছিল এবং অনুপ্রাণিত করেছিল এক পুরো প্রজন্মকে। এই ছবির পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এবং প্রযোজক লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ; ছবির নিবেদনে গুলশান কুমার, ভূষণ কুমার, টি-সিরিজ ও ডিবিএল এবং 'লাভ ফিল্মস'-এর প্রযোজনা।
বীরুর হৃদয় জুড়ে দাদা
সৌরভ এবং লর্ডসের ব্যালকনি আজ সমার্থক, তা আর বলার অপেক্ষা রাখে না। চোখে চোখ রেখে ব্র্যান্ড বাঙালির ঔদ্ধত্য ইংরেজদের দেখিয়েছিলেন সৌরভ। দেশের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগের একজন অত্য়ন্ত পছন্দের মানুষই সৌরভ। বীরু সোশ্যাল মিডিয়ায় সৌরভের সঙ্গে সাতটি নস্ট্যালজিক ছবি শেয়ার করে লিখেছেন, 'পৃথিবীতে দু'ধরনের মানুষ আছে। একদল যারা শার্ট পরে থাকে। আর আরেকদল যারা শার্ট খুলে ইতিহাস লেখে। সেদিন পুরো ভারতের সেই অনুভূতি হয়েছিল-হ্যাঁ ভাই, এখন আমরাও এর অংশ। শুভ জন্মদিন দাদা। লর্ডসের সেই ব্যালকনি আজও খোলা রয়েছে।' সৌরভ যে আবেগের নাম। তা বারবার প্রমাণিত হয়... প্রতিধ্বনিত হয়...

