জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের প্রতিবাদে জেন-Z-দের বিক্ষোভ, আন্দোলনে দেশজুড়ে আলোড়নের মাঝেই এবার সামনে এল স্কুলে জেন আলফাদের প্রতিবাদের ঘটনা। দেশে প্রথমবার জেন আলফাদের প্রতিবাদ! রাজস্থান ও বিহারের স্কুলে জেন আলফাদের প্রতিবাদ। পর্যাপ্ত শিক্ষক, স্কুলে পাখা, ভালো খাবার ও শৌচালয়ের দাবিতে জেন আলফাদের প্রতিবাদ।
১৫০ জন পড়ুয়ায় ১ জন শিক্ষক!
রাজস্থানের একটি সরকারি স্কুলে জেন আলফাদের প্রতিবাদের ছবি-ভিডিয়ো সামনে এসেছে। ১৫০ জন পড়ুয়ার জন্য মাত্র একজনই শিক্ষক! এর প্রতিবাদে রাজস্থানের ওই স্কুলে প্রতিবাদে নামে জেন আলফা পড়ুয়ারা। স্কুলের মেইন গেট বন্ধ করে দিয়ে শিক্ষকের দাবিতে অবস্থানে বসে তারা। বিক্ষোভ দেখাতে থাকে। শেষে সরকারি আধিকারিকরা এসে অবিলম্বে শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিলে তারপর অবস্থান তুলে নেয় বিক্ষোভকারী পড়ুয়াদের দল।
৪ কিলোমিটার পদযাত্রা
ওদিকে বিহারের একটি সরকারি স্কুলেও সামনে এসেছে জেন আলফাদের প্রতিবাদের এক নজিরবিহীন ঘটনা। স্কুলে পাখা, ভালো খাবার ও শৌচালয়ের দাবিতে ৪ কিমি পদযাত্রা করে পড়ুয়ারা। বিহারের গয়া জেলার টিকরী মহকুমার সিমুয়ারা মিডল স্কুলে ঘটে এই নজিরবিহীন ঘটনা। স্কুলে মৌলিক সুযোগ-সুবিধার দাবিতে জেন আলফা প্রজন্মের, চতুর্থ থেকে অষ্টম শ্রেণির কমপক্ষে ৫০ জন পড়ুয়া প্রায় ৪ কিলোমিটার পদযাত্রা করে মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে ধর্নায় বসে।
জল নেই, পাখা নেই, বাজে খাবার
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির খুদে পড়ুয়ারা টিকরীর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসে আছে। তাদের অভিযোগ, মিড-ডে মিলের খাবারে পোকামাকড় পাওয়া যাচ্ছে। স্কুলে পানীয় জল নেই। টয়লেট নোংরা। ক্লাসরুমে পাখা-লাইট নেই। ইউনিফর্মও দেওয়া হয়নি। পড়াশোনার মানও অত্যন্ত বাজে। অবিলম্বে এইসব সমস্যার সমাধানের দাবিতে সরব হয় তারা।
এই ঘটনার পর ইতিমধ্যেই বিহারের শিক্ষা বিভাগে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার তদন্তে একাধিক বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পড়ুয়াদের অভিযোগের প্রেক্ষিতে স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী আরও ৭ শিক্ষককে শোকজ করা হয়েছে। সেইসঙ্গে সেদিনের বেতন কাটারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ৪-৫ দিনের মধ্যে প্রধান শিক্ষককে পড়ুয়াদের সমস্ত সমস্যা সমাধানের কড়া নির্দেশ দিয়েছেন মহকুমাশাসক।
উত্তরপ্রদেশের স্কুলেও প্রতিবাদ-বিক্ষোভ
ওদিকে উত্তরপ্রদেশেও স্কুলে পাখা, বেঞ্চ, পানীয় জল ও পরিচ্ছন্ন টয়লেটের দাবিতে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের বিক্ষোভের ঘটনা সামনে আসে। জেন আলফা পড়ুয়াদের বিক্ষোভের পরই ওই স্কুলে পাখা লাগানো হয় বলে খবর। বেঞ্চ ঠিক করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
২৪ ঘণ্টায় ৩ বার নম্বর বদল! নিটের পুরো রেজাল্ট-ই ভুল? প্রশ্নফাঁসের পর এবার আরও বড় কেলেঙ্কারি

