জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টালমাটাল বিশ্বে উজ্জ্বল ভারত! প্রথম ত্রৈমাসিকেই GDP বেড়ে ৭.৮ শতাংশ। আর তাতেই উচ্ছ্বসিত মোদী ইনস্টাগ্রামে সেলফি ভিডিয়োয় একহাত নিলেন রাহুল গান্ধীকে। কটাক্ষ করলেন, 'ঝুট কি গুঞ্জ এই ৭.৮% বৃদ্ধি আড়াল করতে পারবে না।' আরও বললেন, "যারা বিভিন্ন হতাশার ভবিষ্যদ্বাণী করছিলেন, তারাই আবারও হতাশ হলেন ও ভারত আবারও সমৃদ্ধ হল।"
এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতের GDP বৃদ্ধির হার দাড়িয়েছে ৭.৮ শতাংশ। আর তারপরই ৭.৮% GDP বৃদ্ধির প্রশংসা প্রধানমন্ত্রী মোদী ইনস্টাগ্রামে সেলফি ভিডিয়োয় বলেন 'দেশ আনন্দে ভরে উঠেছে...।' ভারতের অর্থনীতি নিয়ে 'হতাশা' ছড়ানোয় বিরোধীদের কটাক্ষ করে বলেন, "যারা বিভিন্ন হতাশার ভবিষ্যদ্বাণী করছিলেন, তারাই আবারও হতাশ হলেন ও ভারত আবারও সমৃদ্ধ হল। ঝুট কি গুঞ্জ এই ৭.৮% বৃদ্ধি আড়াল করতে পারবে না।" পাশাপাশি মোদী এই জিডিপি বৃদ্ধির কৃতিত্ব দেন দেশবাসীর কঠোর পরিশ্রমকে। তিনি বলেন, বিশ্বে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও এই পরিসংখ্যান ভারতের শক্তির প্রমাণ দিয়েছে।
প্রধানমন্ত্রী জানান যে, বিশ্বজুড়ে নানান অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশে পৌঁছেছে, যা প্রত্যাশার চেয়েও অনেক বেশি। বিরোধী নেতাদের সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন যে, দেশের ভেতরে ছড়ানো "ঝুট কি গুঞ্জ" ভারতের এই শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধিকে আড়াল করতে পারবে না। নাম না করে এই 'ঝুট কি গুঞ্জ' মন্তব্যে প্রধানমন্ত্রী মোদী আসলে রাহুল গান্ধীর 'ছাত্রদের গুঞ্জ' প্রচারকেই পরোক্ষে কটাক্ষ করেছেন। একইসঙ্গে দেশের জিডিপি বৃদ্ধি নিয়ে জেন-জি-দের সঙ্গে সংযোগ স্থাপনে ফের বেছে নিয়েছেন ইনস্টাগ্রাম রিল ভিডিয়োকেই। মোদীর সেলফি ভিডিয়ো বার্তায় এটাই স্পষ্ট যে, তিনি এর মাধ্যমে যুবসমাজকে বোঝাতে চেয়েছেন যে দেশের বিরুদ্ধে বা অর্থনীতি নিয়ে করা রাজনৈতিক অপপ্রচার বাস্তব তথ্যের কাছে টিকবে না। আর ভারত দ্রুত গতিতে উন্নতির দিকে এগিয়ে চলেছে।
প্রসঙ্গত, সোমবার প্রথম এক্স-হ্যান্ডেলে প্রথম ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধি নিয়ে পোস্ট করেন মোদী। এক্স হ্যান্ডেলে মোদী লেখেন,"বিশ্বজোড়া অনিশ্চয়তা, তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহে বাধা সত্ত্বেও দেশবাসীর সম্মিলিত শক্তির জোরেই ভারত এই সাফল্য অর্জন করেছে। সমালোচকদের মুখে ছাই দিয়ে ভারত আবারও নিজের রূপ দেখাল!" স্রেফ GDP বৃদ্ধিই নয়, প্রকৃত জিভিএ ৮.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৩.৮২ লক্ষ কোটি টাকায়।
সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৬-২৭ আর্থিক বছরের প্রথম তিনমাসে দেশের প্রকৃত জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে ৮১.৩৬ লক্ষ কোটি টাকা। যা আর্থিক বছরের প্রথম তিনমাসে ছিল ৭৫.৪৬ লক্ষ কোটি টাকা। নামমাত্র জিডিপিও বেড়েছে ১০.৩ শতাংশ। এমনটা যে হতে পারে, তা আন্দাজই করতে পারেননি অর্থনীতিবিদরা। বাস্তব পরিসংখ্যান সবাইকে চমকে দিয়েছে।

