অর্কদীপ্ত মুখার্জি: পার্কিং নিয়ে নতুন অ্যাপ। অ্যাপের মাধ্যমেই পার্কিং ফি। পার্কিং কর্মীদের জন্য ইউনিফর্ম, এমনকি আইডি কার্ডও। শহরের পার্কিং ব্য়বস্থায় আমূল পরিবর্তন। পুজোর আগেই শহরের পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে পুর ও নগরোন্নয়ন দফতর। পুলিসের সঙ্গে বৈঠকের পর একথা জানালেন পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
শহরের বৈধ পার্কিং লটকে চিহ্নিতকরণ করা হচ্ছে। কলকাতা পুরসভা এলাকায় মোট ১৫ হাজার বৈধ পার্কিং লটকে চিহ্নিতকরণ করা হয়েছে। এই পার্কিং লটগুলির জন্য নতুন করে টেন্ডার ডাকা হবে। টেন্ডার প্রাপ্ত কর্মীদের দেওয়া হবে আইডি কার্ড। থাকবে নতুন পোশাকও। পাশাপাশি, পার্কিং নিয়ে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার। এই অ্যাপের মাধ্যমেই দেওয়া যাবে পার্কিং ফি। কোথায় পার্কিং খালি রয়েছে, অ্যাপে থাকবে সেই তথ্যও। অ্যাপের মাধ্যমেই ফ্রি পার্কিং এরিয়া সম্পর্কে তথ্য জেনে নিয়ে যথাযথ স্থানে গাড়ি পার্কিং করতে পারবেন গাড়িচালক থেকে গাড়ি মালিকরা।
মন্ত্রী জানান, ১ সেপ্টেম্বর থেকেই বৈধ পার্কিংয়ের বাইরে গাড়ি রাখলে ফাইন করা শুরু করছে রাজ্য সরকার। পুলিসকে দিয়েই ফাইন করানো হবে। কমার্শিয়াল গাড়ির জন্য ফাইনের পরিমাণ বেশি হবে। অগ্নিমিত্রা পাল বলেন, শহরে এমন ৪০০০ পার্কিং রয়েছে যেখান থেকে সরকার কোনও রেভিনিউ পায় না। সেইসব পার্কিং লটও চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনে সেখানেও টেন্ডার ডাকা হবে।
পাশাপাশি, তিনি আরও জানান, যত্রতত্র ময়লা ও থুতু ফেললেও ১ সেপ্টেম্বর থেকে ফাইন করা হবে। নিয়ম ভাঙলেই ফাইন! মানুষের মধ্যে যাতে ভয় থাকে তার জন্য পুলিসকে দিয়েই ফাইন করানোর ভাবনা আছে বলে জানান মন্ত্রী অগ্রিমিত্রা পাল। বলেন, মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে আবেদন করতে চলেছেন তিনি।
একইসঙ্গে জানান, শহরকে আরও সাজিয়ে তুলতে এবং মানুষের সুবিধার জন্য রুবি ও ডালহৌসি এলাকায় রাস্তা পারাপারের জন্য দুটি ফুট ওভারব্রিজ করারও ভাবনা রয়েছে। এছাড়া শহরের যানজট কমাতে মা ব্রিজের পর আরও একটি ওভারব্রিজ করার ভাবনা রয়েছে। যে ওভারব্রিজটি মূল শহরের সঙ্গে নিউটাউন-রাজারহাটকে কানেক্ট করবে।
অনলাইনে ফর্ম ফিলআপ করতে না পারলে কি জনগণনা থেকে বাদ? জরুরি আপডেট জানুন
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

