বিধান সরকার: রীতিমতো কার্ড ছাপিয়ে বিবাহবার্ষিকীর অনুষ্ঠান করেছিলেন চুঁচুড়া পুরসভার জলকল দফতরের কর্মী। সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত যারা জানানি তাদের উদ্যেশ্য করে হুগলি-চুঁচুড়া পুরসভার চত্বরে দেখা গেল এক অভিনব পোস্টার। যারা নিমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে যাননি,তাঁদের উদ্দেশে পোস্টারে জানানো হয়েছে-প্রত্যেক পরিবারকে ৫০০ টাকা করে দিয়ে পরে বাড়িতে গিয়ে আশীর্বাদ করতে হবে।
এই পোস্টার ঘিরেই এখন পুরসভার অন্দর থেকে সাধারণ মানুষের মধ্যে তুমুল আলোচনা। যদিও অনেকে বিষয়টিকে সামাজিক দিক থেকেও দেখছেন।
পুরসভার এক কর্মী নিজের বিবাহবার্ষিকী উপলক্ষে সহকর্মী,পরিচিত এবং শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। নিমন্ত্রণপত্রে অনুষ্ঠান ছিল ২৯ জুলাই। কিন্তু পুরসভার বিভিন্ন জায়গায় তিনি একটি পোস্টার সাঁটান। সেখানে লেখা, আমন্ত্রণ জানিয়েও অনেকেই অনুষ্ঠানে আসেননি। এতে তাঁকে কষ্ট দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকের জন্য তৈরি খাবারও নষ্ট হয়েছে। তাই প্রত্যেক পরিবারকে ৫০০ টাকা করে দিয়ে আসতে হবে এবং দম্পতিকে আশীর্বাদ করতে হবে।

এই পোস্টার দেখেই শুরু হয়েছে নানা আলোচনা। আমন্ত্রিতদের একাংশ মজার ছলে বলছেন,"যাওয়া উচিত ছিল, সেটা ঠিক। কিন্তু অনুষ্ঠানের আগে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমরা যাইনি। এখন আবার যদি সত্যিই ৫০০ টাকা চান,তখন কী হবে কে জানে!" তবে অনেকেই বলছেন,নিমন্ত্রণ পেয়ে না যাওয়াটা ঠিক হয়নি।
স্থানীয় সূত্রের দাবি, এলাকার এক ব্যক্তিকে চুল-দাড়ি কেটে অনুষ্ঠানে যাওয়ার জন্য ওই কর্মী নাকি ২০০ টাকা পর্যন্ত পকেটে গুঁজে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনিও না যাওয়ায় পরে সেই ২০০ টাকাই ফেরত নিয়ে নেন বলে এলাকায় চর্চা।
পুরসভার এক ইঞ্জিনিয়ার বলেন, "উনি খুব ভালো মানুষ। হঠাৎ কেন এমন করলেন, বুঝতে পারছি না। আমার কাছেও যদি জরিমানা চাইতে আসেন,তখন দেখা যাবে।"
বিবাহ বার্ষিকীর নিমন্ত্রণপত্র এবং অনুষ্ঠান-পরবর্তী একটি পোস্টার-এই দুইকে ঘিরেই এখন হুগলি-চুঁচুড়া পুরসভা ও শহরে জোর চর্চা চলছে। কেউ এটিকে নিছক রসিকতা বলছেন, কেউ আবার বলছেন, নিমন্ত্রণ রক্ষা না করার আক্ষেপ থেকেই এমন অভিনব প্রতিবাদ।

