Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেল লাইনে বিরাট ধস, আটকে বহু এক্সপ্রেস-মেল ট্রেন, বিপাকে কয়েক হাজার যাত্রী

নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেল লাইনে বিরাট ধস, আটকে বহু এক্সপ্রেস-মেল ট্রেন, বিপাকে কয়েক হাজার যাত্রী

সোমা মাইতি: মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে আচমকাই রেললাইনের একটি অংশ বসে যাওয়ায় বিপাকে পড়েন যাত্রী থেকে শুরু করে রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের দিক থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার পথে, ফরাক্কা ব্যারেজে প্রবেশের মুখে আপ লাইনে আচমকাই ধস নামে।

বৃষ্টির জেরে মাটি নরম হয়ে যাওয়ার কারণেই রেললাইনের একটি অংশ বসে গিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার পরই দ্রুত তৎপর হয় রেল দপ্তর। ঘটনাস্থলে পৌঁছে শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতের কাজ।

রেললাইন বসে যাওয়ার জেরে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। রেল কর্তৃপক্ষের সূত্রে খবর, যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল-সহ একাধিক ট্রেন আটকে পড়ে। ফলে সমস্যায় পড়েন বহু যাত্রী।

তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বসে নেই রেল কর্তৃপক্ষ। একদিকে ক্ষতিগ্রস্ত আপ লাইনে জোরকদমে মেরামতির কাজ চলছে, অন্যদিকে বিকল্প একটি সিঙ্গেল লাইন ব্যবহার করে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন রেলের আধিকারিক ও কর্মীরা।

যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির কাজ। দ্রুত রেললাইন মেরামত করে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক করার লক্ষ্যে কাজ করছেন রেলকর্মীরা। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের সতর্ক থাকার এবং রেল কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। প্রবল বৃষ্টির মধ্যে রেললাইনে এই ধসকে ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali