Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পেটে ৩টে অস্ত্রোপচারের দাগ, তবে লড়াইয়ে জয়ী! এন্ডোমেট্রিওসিস সার্জারি নিয়ে মুখ খুললেন ৩৮-এর সুমনা

পেটে ৩টে অস্ত্রোপচারের দাগ, তবে লড়াইয়ে জয়ী! এন্ডোমেট্রিওসিস সার্জারি নিয়ে মুখ খুললেন ৩৮-এর সুমনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত দু'মাস ধরে হঠাৎ করেই উধাও ছিলেন জনপ্রিয় টেলিভিশন তারকা সুমনা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় তাঁর দেখা না পেয়ে ভক্তদের মনেও দানা বাঁধছিল নানা প্রশ্ন। অবশেষে নীরবতা ভাঙলেন 'দ্য কপিল শর্মা শো' খ্যাত এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে সুমনা জানালেন, এন্ডোমেট্রিওসিস রোগের কারণে মে মাসে বড়সড় অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে।

আর এই কঠিন লড়াই সুমনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাই বদলে দিয়েছে ওলটপালট করে।

"দু'মাস লোকচক্ষুর অন্তরালে ছিলাম..."

২০২১ সালে প্রথমবার সুমনা জানিয়েছিলেন যে তিনি 'স্টেজ ফোর' এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত। এতদিন লাইফস্টাইল ও চিকিৎসার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা করলেও, সম্প্রতি তা মারাত্মক আকার ধারণ করে। সুমনা লেখেন, "গত ৪ মে আমার এন্ডোমেট্রিওসিস এক্সিশন সার্জারি হয়েছে। গত দুটো মাস আমি নিজেকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ করে তুলতে ব্যস্ত ছিলাম। আজ বুক ঠুকে বলতে পারি, আমি একদম ফিট!"

লাইক-কমেন্টের অন্ধ দৌড়কে 'আলবিদা'

অসুস্থতার এই দিনগুলো সুমনাকে জীবন সম্পর্কে নতুন এক শিক্ষা দিয়েছে। তিনি বুঝতে পেরেছেন, সোশ্যাল মিডিয়ার লাইক, কমেন্ট আর ফলোয়ারের সংখ্যা দিয়ে আসল জীবন মাপা যায় না। সুমনা এখন ইনস্টাগ্রামকে স্রেফ গ্ল্যামার দেখানোর জায়গা না বানিয়ে, নারীদের জন্য একটা সুরক্ষিত 'কমিউনিটি' হিসেবে গড়ে তুলতে চান। যেখানে অ্যান্ডোমেট্রিওসিস, পেরিমেনোপজ, মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে সিঙ্গল লাইফ, ট্রাভেল বা পোষ্যদের নিয়ে মন খুলে আলোচনা করা যাবে। সুমনা চক্রবর্তী বলেন, "ইনস্টাগ্রাম কখনও ভালোবাসা, সম্পর্ক কিংবা মানুষ আপনাকে কতটা মনে রাখছে তার আসল মাপকাঠি হতে পারে না।"

ট্রোলারদের কড়া জবাব

একজন অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে কম কটাক্ষ সহ্য করতে হয়নি সুমনাকে। পোস্টে বডি শেমিং ও কুরুচিকর ট্রোলিং নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি জানান, বেশিরভাগ নোংরা মন্তব্য আসে পুরুষদের প্রোফাইল থেকে। তবে ট্রোলারদের থোড়াই কেয়ার করেন তিনি! সুমনার সাফ কথা, "আমি একজন অভিনেত্রী এবং আমৃত্যু অভিনয় করে যাব।" নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখলেও, এন্ডোমেট্রিওসিস নিয়ে লড়াইয়ের গল্প তিনি সবার সঙ্গে ভাগ করে নিতে চান, যাতে অন্য নারীরাও সাহস পান।

"পেটের ৩টি দাগ আমার লড়াইয়ের প্রমাণ"

গত জুনে পা দিয়েছেন ৩৮-এ। জন্মদিনে হুট করেই ঘুরে এসেছেন ইস্তাম্বুল। পেটের অস্ত্রোপচারের দাগ নিয়ে অকপট সুমনা বলেন, "সার্জারির পর পেটে তিনটি দাগ রয়ে গিয়েছে। দাগগুলো হয়ত কোনোদিন মুছবে না, মাঝে মাঝে খারাপও লাগে। কিন্তু এই দাগগুলোই তো প্রমাণ করে আমি লড়াই করে বেঁচে আছি!" বয়স বাড়াকে ভয় না পেয়ে সুমনা উল্টে বলছেন, "৩৮ বছর বয়সটা আমাকে বেশ মানিয়েছে কিন্তু!"

সুমনার এই লড়াকু পোস্ট দেখে বলিউডের সহকর্মী অর্চনা পূরণ সিং, করণ ভি গ্রোভার থেকে শুরু করে সাধারণ ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। সবার একটাই কথা- "আরও শক্তিশালী হয়ে ফিরে এসো সুমনা!"

'জমিয়ে দিচ্ছে, এই গুণটা জানা ছিল না', রচনাকে নিয়ে মজার সুরে খোলামেলা চিরঞ্জিত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali