জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৃত্যুপুরী নেপাল। ভয়াবহ ভূমিধস, হড়পা বানে তছনছ নেপাল। গত বুধবার সকাল ৮:৩৭ মিনিটে এই বিপর্যয়ে দেশজুড়ে হাহাকার পড়ে গিয়েছে। এখনও পর্যন্ত ১৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রথমে এটিকে ৪.৪ মাত্রার ভূমিকম্প হিসেবে রিপোর্ট করে।
কিন্তু পরে জানায়, এটি মূলত হিমবাহ ধস ও ধ্বংসাবশেষের তীব্র প্রবাহ ছিল।
মূলত চিন-নেপাল সীমান্তের রসুয়াগধি ক্রসিংয়ের ১২ মাইল উত্তর-পূর্বে লেন্দে নদীতে বরফ ও পাথরের বিশাল ভূমিধস ঘটে। লেন্দে নদীটি ভোট কোশি নদীর একটি উপনদী, যা চিন থেকে নেপালে প্রবেশ করেছে। এই ভূমিধসের ফলে নদীতে হঠাৎ কাদা ও পাথরের এক দানবীয় প্লাবন সৃষ্টি হয়। এই ধসের ধাক্কা রিখটার স্কেলে ৫.২ মাত্রার ভূমিকম্পের মতো শক্তিশালী ছিল।
এক লহমায় মৃত্যুপুরী নেপাল! অভিশপ্ত রসুয়াগাধিতে সেতু ভেঙে নিখোঁজ ৩২ বাঙালি
নেপালের রসুয়া, নুয়াকোট ও ধাদিং জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। নেপাল পুলিস এখন পর্যন্ত ১৫৭ মৃতদেহ উদ্ধার করেছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। পর্যটন মন্ত্রকের তথ্য অনুযায়ী, দুর্যোগের পর ৩৪১ জন বিদেশী-সহ মোট ৪০৩ জন পর্যটকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ এই তীব্র তালিকায় ১৪২ জন ভারতীয় ছাড়াও অস্ট্রেলিয়া, ব্রিটেন, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের নাগরিকরা রয়েছেন।
প্রধানমন্ত্রী বালেন শাহ ত্রাণ ও পুরোদমে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। কাদা ও ধ্বংসস্তূপের নীচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিব্বত সীমান্ত পার হয়ে আসা প্লাবনের জল সকাল ৯টার দিকে ভোটেকোশি নদীতে আছড়ে পড়ে এবং নিমেষে ঘরবাড়ি, গাছপালা ও যানবাহন ভাসিয়ে নিয়ে যায়।
নেপালে মহাপ্রলয়: অন্তত ১৬০ মৃত্যু, নিখোঁজ ৭৫০! দেশজুড়ে হাহাকার-আর্তনাদ
অন্যদিকে তিব্বতের গিরোং এলাকায় চীনের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম ৩ জনের মৃত্যু ও ২৬৫ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে। প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বিশাল কাদা-পাথরের জলের তোড় আসার আগে মানুষ ভয়ে দিকবিদিক ছুটছেন। অবকাঠামোগত ক্ষতির কারণে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিখোঁজ স্বজনদের খোঁজে স্থানীয় মানুষ নেপালি সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে ভিড় জমাচ্ছেন, যেখানে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে পুলিস নিখোঁজদের নাম লিপিবদ্ধ করছে।

