অয়ন ঘোষাল: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর গত ৩৬ ঘণ্টা ধরে অবস্থান করে ক্রমাগত জলীয় বাষ্পের শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুরের পর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এর অভিমুখ বাংলা এবং ওড়িশা উপকূল। কাল রবিবার বিকেলে বালাসোরের কাছাকাছি এলাকায় এটির ভূমিভাগে প্রবেশ করার সম্ভাবনা।
উত্তাল সমুদ্র
সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। জলস্ফীতি তৈরি হয়েছে। ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। মৎস্যজীবীদের ৭ জুলাই মঙ্গলবার বিকেল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুর্যোগের শনির খাঁড়া
আজ শনিবার দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস। অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি থাকবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। ভারী বৃষ্টির কমলা সর্তকতা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে।
কাল রবিবার অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির লাল বা কমলা সতর্কতা।
আগামী সপ্তাহে টানা দুর্যোগ
পরশু সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্ম দিবসে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে।
মঙ্গল এবং বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতার মাঝে উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে।
শান্ত উত্তরবঙ্গ
উত্তরবঙ্গ সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সব জেলাতেই। মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা।
ইউনিফর্মেই 'সিঁদুরদান', দৃষ্টান্তমূলক শাস্তি স্কুলের: ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড়
উত্তরবঙ্গে বুধবারে ভারী বৃষ্টির পরিমাণ আরো একটু বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্র বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির কমলা সর্তকতা সব জেলাতে।
তোলপাড় হবে কলকাতা
কলকাতায় আজ শনিবার বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সন্ধ্যার পর বৃষ্টি বাড়বে। কাল রবিবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা। রবিবার কলকাতায় দফায় দফায় ঝোড়ো হাওয়া বইবে। এর গতিবেগ সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

