প্রসেনজিত্ সর্দার: স্কুল ছাত্রীদের সঙ্গে অসভ্যতা, ইভটিজিং, অশালীন মন্তব্য করার অভিযোগে পাঁচ যুবককে আটক করল বাসন্তী থানার পুলিস। ধৃতরা হল শুভজিত পাল, সুরজিত্ পাল, সৌরভ মণ্ডল, সোমেন মণ্ডল, গৌরব মণ্ডল। প্রথম দুই যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসাত এলাকায়। অপর তিনজনের বাড়ি উত্তর ২৪ পরগনার মালঞ্চ এলাকায়।
ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসন্তীর উত্তর মোকামবেড়িয়া পঞ্চায়েতের 'সোনাখালি উচ্চমাধ্যমিক বিদ্যালয়' রয়েছে।বিদ্যালয়ে পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত শ্রেণীতে প্রায় দুই হাজারের অধিক ছাত্র ছাত্রী পড়াশোনা করে। গ্রামের এই স্কুলে চলছিল টেস্ট পরীক্ষা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযোগ আচমকা একটি চারচাকা গাড়িতে করে স্কুলের অদূরে পাঁচজন যুবক হাজির হয়। তারা গাড়ি দাঁড় করিয়ে স্কুল ছাত্রীদের সঙ্গে অসভ্যতা, ইভটিজিং ও অশালীন ইঙ্গিত করে মন্তব্য করে।
দুর্যোগ এখনই কাটছে না, কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির কমলা-লাল সতর্কতা
ছাত্রীরা প্রথমে ভয় পেলেও তারা দ্রুততার সঙ্গে ঘটনার কথা পরিবারের লোকজন ও বাসন্তী থানার পুলিসকে জানায়। পাশাপাশি পাঁচ যুবক যাতে পালিয়ে যেতে না পারে সেদিকেও নজর রাখতে শুরু করে। ঘটনার কথা জানতে পেরে গ্রামবাসীরা ওই যুবকদের ঘিরে ধরে। পুলিসের হাতে তুলে দেয়। ছাত্রীদেরকে কটু মন্তব্য ও অশালীন আচার আচরণ করা কথা প্রকাশ্যে স্বীকার করেছে ধৃত যুবকরা।
অন্যদিকে, এমন ঘটনায় এলাকার স্কুল ছাত্র ছাত্রীদের মধ্যে ভয়ের আতঙ্ক সৃষ্টি হয়। তাদের দাবি, 'স্কুলে যেতে ভয় হচ্ছে। রাস্তায় বিপদ হলে কে দেখবে?' ঘটনা প্রসঙ্গে স্কুলের ছাত্রীরা ও অভিভাবকরা বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন অন্যদিকে পুলিস জানিয়েছে, পাঁচজন যুবককে আটক করে থানায় আনা হয়েছে। ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসাত ও মালঞ্চ এলাকায়। ধৃতরা আত্মীয়ের বাড়িতে এসেছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
পরিত্যক্ত ইটভাটায় থরে থরে নোটের বান্ডিল! এবার টাকার পাহাড় দুর্গাপুরে

