জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেসরকারি স্কুলের তিন তলা থেকে লাফ দিয়ে আত্মঘাতী ১৬ বছরের ছাত্রী। গত মঙ্গলবার হরিয়ানার ফরিদাবাদের নবোদয় বিদ্যায় নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রীর নাম জানভি। অভিযোগ উঠেছে, স্কুলে বিরিয়ানি খাওয়ার অপরাধে তাকে ৪ ঘণ্টা চড়া রোদে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া হয়েছিল।
কিন্তু অন্যদিকে জানভির বাবার বিস্ফোরক অভিযোগ। তিনি দাবি করেছেন যে, মৃত্যুর আগে জানভি ভাইস প্রিন্সিপালের ঘরে দীর্ঘ দুই ঘণ্টা কী করছিল?
মৃতের বাবা প্রমোদ কুমার জানান, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সকাল ১১টা নাগাদ জানভি ভাইস প্রিন্সিপালের ঘরে ঢোকে। প্রায় দুই ঘণ্টা পর বেলা ১টা ৩০ মিনিটে সে ওই ঘর থেকে বেরিয়ে আসে। ফুটেজে তাকে দু-একদিন ভেতরে যাওয়া-আসা করতেও দেখা যায়। ঘর থেকে বেরিয়ে সোজা তিন তলায় চলে যায় জানভি এবং সেখান থেকে লাফ দেয়।
টানা ৪ ঘণ্টা রোদ দাঁড়ানোর শাস্তি, স্কুলের ৩ তলা থেকে ঝাঁপ একাদশ শ্রেণির ছাত্রীর
পরিবারের দাবি, শারীরিক অসুস্থতা বা অন্য যেকোনও প্রয়োজনে স্কুল থেকে সবসময় দ্রুত ফোন করা হত। কিন্তু সেদিন মেয়ে তিন তলা থেকে পড়ে যাওয়ার পর দুপুর ২টা ৩০ মিনিটে পরিবারকে খবর দেওয়া হয়। ততক্ষণে স্কুল ছুটি হয়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে দেখা না করেই চম্পট দেয় বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় জানভিকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকে হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্কুলের অধ্যক্ষ আর কে শর্মার দাবি, জানভি তিন তলার বাথরুমে গিয়েছিল। তবে এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ছাত্রীর বাবা।
অন্যদিকে, পুলিস অফিসার সুমীর সিং জানিয়েছেন যে এই ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। সিসিটিভি ফুটেজে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেও তিনি দাবি করেন। তবে ঘটনার তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে স্থানীয় অন্য এক অভিভাবক অভিযোগ করেছেন, ওই স্কুলে অতিরিক্ত ফি দিতে না পারলে শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখা, শারীরিক নির্যাতন ও প্রকাশ্যে অপমান করার ঘটনা প্রায়ই ঘটে। জানভির পরিবার এখন পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং এআইআইএমএস (AIIMS) হাসপাতালে ময়নাতদন্তের দাবি জানিয়েছেন।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

