অয়ন ঘোষাল: আজ শনিবার, ৩০মে রাজ্যে চালু হতে চলেছে 'স্বচ্ছ অ্যাপ'। তারপর থেকে রাজ্যজুড়ে স্বচ্ছতা রক্ষায় কী কী ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার? জানালেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর ঘোষণা, রাজ্যে তৈরি হতে চলেছে নতুন চারটে স্মার্ট সিটি। তমলুক, নবদ্বীপ, শিলিগুড়ি এবং আসানসোল।
উত্তরবঙ্গেও নতুন চারটে আধা শহরকে পূর্ণাঙ্গ শহরের রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
স্মার্ট সিটির সংজ্ঞা
স্মার্ট সিটি হল এমন একটি শহর যা উন্নত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বিভিন্ন সেন্সরের মাধ্যমে তার নাগরিক পরিষেবা, পরিকাঠামো, ট্র্যাফিক ব্যবস্থা এবং রিসোর্স বা সম্পদ পরিচালনা করে। এর মূল উদ্দেশ্য হল জীবনযাত্রার মান উন্নত করা। শহরের নিজস্ব সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং শহরের নাগরিক পরিষেবার সার্বিক কার্যকারিতা বৃদ্ধি করা।
এর মধ্যে রয়েছে
১) ডিজিটাল গভর্ন্যান্স এবং E পরিষেবা। যেখানে নাগরিকরা সহজেই অনলাইনের মাধ্যমে সরকারি পরিষেবা গ্রহণ করতে পারেন এবং প্রশাসন সরাসরি জনগণের সঙ্গে তথ্য আদান-প্রদান করতে পারে।
২) স্মার্ট পরিবহন অর্থাৎ ট্রাফিক জ্যাম কমাতে সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দুর্ঘটনা কমিয়ে আনা। গণপরিবহণ ব্যবস্থার উন্নতিকরণ।
৩) বিদ্যুৎ পরিচালন দক্ষতা বৃদ্ধি অর্থাৎ স্মার্ট গ্রিড স্মার্ট মিটার এবং এলইডি স্ট্রিট লাইটের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রোধ করা হয়।
৪) স্মার্ট পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা। অর্থাৎ সেন্সরের মাধ্যমে ডাস্টবিন পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কারের ব্যবস্থা করা হয়।
৫) স্মার্ট সিকিউরিটি অর্থাৎ অপরাধ দমন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো শহরে সিসিটিভি ক্যামেরা ও স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থা রাখা।

