জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেমেস্টার পদ্ধতিতে এটাই প্রথম উচ্চমাধ্যমিক। বৃহস্পতিবার হল রেজাল্ট আউট। উচ্চমাধ্যমিকে এবার ছাত্রদের পাসের হার ৮৯.৭১ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৯২.৪৭ শতাংশ। মানে ছাত্রীদের পাসের হার বেশি। ছাত্রীদের মধ্যে প্রথম হলেন মেঘা মজুমদার। ৪৯২ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম তিনি।
মেঘা শ্রীরামপুর রমেশচন্দ্র হাই স্কুলের ছাত্রী।
প্রথম দশের মেধাতালিকায় পঞ্চম স্থানে রয়েছেন মেঘা। ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে সিভিল সার্ভেন্ট হতে চান তিনি। ভালোবাসেন আঁকতে গান করতে। যৌথ পরিবারের আদরে বেড়ে ওঠা মেঘার জীবনটা ছিল কিছুটা আলাদা। বাবা ব্যবসায়ী আর মা গৃহবধূ হলেও মেঘার পড়াশোনার ব্যাপারে তাঁদের কখনও কড়া শাসন করতে হয়নি। মেঘা বরাবরই পড়াশোনায় মনোযোগী ছিলেন। তবে মেঘার এই চলার পথে তাঁর মা, স্কুলের শিক্ষক এবং গৃহশিক্ষকেরা সবসময় প্রস্তুতির সঙ্গী হয়ে ছিলেন। নিজের সাফল্যের সবটুকু কৃতিত্ব তাই বিনয়ী মেঘা তাঁর বাবা-মা ও শিক্ষকদেরই উৎসর্গ করেছেন।
মেঘার পাশাপাশি পঞ্চম স্থানে রয়েছেন- ত্রিদেব চক্রবর্তী (Tridev Chakraborty), রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া । সৃজন পরিচা (Srijan Parichha), রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া । প্রিয়াংশু মুখার্জি (Priyanshu Mukherjee), নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক) । স্বর্ণাভ খাটুয়া (Swarnava Khatua), তমলুক হাই স্কুল । আলেখ্য মাইতি (Alekhya Maity), নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক) । সৌমিক দত্ত (Soumik Dutta), রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া ।
উল্লেখ্য, উচ্চমাধ্যমিকে প্রথম বরানগরের বাসিন্দা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল। ৪৯৬ তাঁর প্রাপ্ত নম্বর। বাড়িতে আনন্দের সেলিব্রেশন চলছে আদৃতের। আগামীতে সায়েন্স নিয়ে পড়তে চায় আদৃত। পড়াশোনার পাশাপাশি খেতে খুব ভালবাসা আদৃত।
চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৭ লক্ষ ১০ হাজার পরীক্ষার্থী। পর্যাপ্ত শিক্ষকের অভাব থাকায় পরীক্ষা পরিচালনার স্বার্থে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও সংসদ বিশেষ দায়িত্ব প্রদান করে। এবারের পরীক্ষার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল একই কেন্দ্রে তিন ভিন্ন শ্রেণির পরীক্ষার্থীর অংশগ্রহণ; যার মধ্যে ছিলেন চতুর্থ সেমিস্টার, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পূর্বতন সিলেবাসভুক্ত পরীক্ষার্থীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

