রাজ্যের উচ্চপ্রাথমিক স্তরের শিক্ষা পরিকাঠামো ঢেলে সাজাতে উদ্যোগী হল স্কুলশিক্ষা দফতর (School Education Department)। কোন জেলায় কতগুলি উচ্চপ্রাথমিক স্কুল (Upper Primary School) রয়েছে, কোথায় পড়ুয়ার সংখ্যা কম এবং কোন কোন এলাকায় স্কুলের অভাব রয়েছে, তা জানতে নতুন করে তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে।
ইতিমধ্যেই সমস্ত জেলার স্কুল পরিদর্শকদের (School Inspector) এই বিষয়ে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
শিক্ষা দফতর সূত্রে খবর, ৫০ জনের কম পড়ুয়া রয়েছে এমন উচ্চপ্রাথমিক স্কুলগুলিকে কাছাকাছি অবস্থিত অপেক্ষাকৃত বড় স্কুলের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব আগে থেকেই বিবেচনাধীন। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে রাজ্যের বেশ কিছু এলাকায় উচ্চপ্রাথমিক স্কুলের অপ্রতুলতার বিষয়টিও সামনে এসেছে। কোথাও পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম, আবার কোথাও কয়েক কিলোমিটারের মধ্যে কোনও উচ্চপ্রাথমিক স্কুল নেই। ফলে সংশ্লিষ্ট এলাকার পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে।
ক্লাসরুমে এবার বুকস্টল, কেন এই উদ্যোগ?
শিক্ষার অধিকার আইন অনুযায়ী, শিশুদের নির্দিষ্ট দূরত্বের মধ্যে প্রাথমিক ও উচ্চপ্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার কথা। কিন্তু বাস্তবে রাজ্যের কিছু এলাকায় সেই পরিকাঠামোর ঘাটতি রয়েছে বলে জানা যাচ্ছে। তাই নতুন করে পাওয়া তথ্যের ভিত্তিতে এলাকাভিত্তিক প্রয়োজন বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নিতে চাইছে সরকার। প্রয়োজন অনুযায়ী কোথাও নতুন উচ্চপ্রাথমিক স্কুল তৈরির পরিকল্পনা নেওয়া হতে পারে। আবার কোথাও উচ্চপ্রাথমিক স্কুলকে মাধ্যমিক স্তরে উন্নীত করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
তবে স্কুল সংযুক্তিকরণের পরিকল্পনা নিয়ে শিক্ষক সংগঠনগুলির একাংশের মধ্যে আপত্তি রয়েছে। তাদের মতে, শুধুমাত্র কম পড়ুয়ার সংখ্যা দেখেই স্কুল সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বরং যে স্কুলগুলির পরিকাঠামো দুর্বল, সেগুলির উন্নয়ন এবং পড়ুয়া বাড়ানোর উপর আগে গুরুত্ব দেওয়া প্রয়োজন। স্কুলগুলির পরিকাঠামো মজবুত করা গেলে উচ্চপ্রাথমিক স্তরে শিক্ষার গুণগত মান বজায় রাখা সম্ভব হবে।

