Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আন্তর্জাতিক যোগ দিবসে অনন্য ছবি BCREC ক্যাম্পাসে

আন্তর্জাতিক যোগ দিবসে অনন্য ছবি BCREC ক্যাম্পাসে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডা. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে রবিবারের সকালটা ছিল একেবারে অন্যরকম। ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভোর সাড়ে ছ'টা থেকেই গোটা ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে এক ইতিবাচক ও প্রশান্তিময় আবহ। স্বাস্থ্য, সচেতনতা এবং মানসিক সুস্থতার বার্তা নিয়ে কলেজের অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যৌথভাবে পালন করে 'আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬'।

ভোরের নির্মল পরিবেশে শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং কর্মীর একযোগে যোগাভ্যাস যেন এক অনন্য দৃশ্যের সৃষ্টি করে।

অনুষ্ঠানের সূচনা করেন ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট স্টাডিজ (এফএমএস)-এর শিক্ষক ড. সন্দীপ মুখোপাধ্যায়। স্বাগত বক্তব্যে তিনি যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান ব্যস্ত জীবনে শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখতে যোগাভ্যাসের কোনও বিকল্প নেই। প্রতিদিনের জীবনের সঙ্গে যোগকে যুক্ত করার আহ্বানও জানান তিনি।

এরপর শুরু হয় মূল যোগাভ্যাস পর্ব। প্রখ্যাত যোগ প্রশিক্ষক তরুণ মুখোপাধ্যায়ের নির্দেশনায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা একসঙ্গে অংশ নেন বিভিন্ন যোগাসন, প্রাণায়াম এবং ধ্যানচর্চায়। প্রতিটি অনুশীলনের পাশাপাশি তিনি ব্যাখ্যা করেন যোগব্যায়ামের উপকারিতা। শরীরের নমনীয়তা বৃদ্ধি, মানসিক চাপ কমানো, মনোযোগ বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক সুস্থতা অর্জনের ক্ষেত্রে যোগব্যায়ামের ভূমিকা তুলে ধরেন তিনি।

সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল নজির গড়ল বিসিআরইসি

অনুষ্ঠানের সমাপ্তি পর্বে বক্তব্য রাখেন ডা. বি. সি. রায় পলিটেকনিকের অধ্যক্ষ ড. অরিজিৎ কুমার ব্যানার্জি। তিনি সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনের জন্য যোগব্যায়ামকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার আহ্বান জানান। পাশাপাশি, শিক্ষাঙ্গনে স্বাস্থ্য ও সুস্থতা-ভিত্তিক উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। 'সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম'—এই বছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠান অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Durgapur Darpan