Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কালিয়াগঞ্জের 'উৎপল মহারাজ' কি বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? জল্পনা তুঙ্গে

কালিয়াগঞ্জের 'উৎপল মহারাজ' কি বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? জল্পনা তুঙ্গে

২০২৬ বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসন নিয়ে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এখন সবথেকে বড় প্রশ্ন- কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী বা অগ্নিমিত্রা পলের মতো হেভিওয়েট নামগুলো নিয়ে যখন জোর চর্চা চলছে, ঠিক তখনই এক 'অপ্রত্যাশিত' নামকে ঘিরে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

তিনি হলেন কালিয়াগঞ্জ কেন্দ্রের বিপুল ভোটে জয়ী প্রার্থী স্বামী জ্যোতির্ময়ানন্দজী মহারাজ, যাঁকে অনুগামীরা ভালোবেসে 'উৎপল মহারাজ' বলে ডাকেন।

কে এই উৎপল মহারাজ?

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এবার ৭৬,৪২৫ ভোটের বিশাল মার্জিনে জয়ী হয়েছেন স্বামী জ্যোতির্ময়ানন্দজী মহারাজ। গেরুয়া বসনধারী এই সন্ন্যাসীকে অনেকেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তুলনা করছেন। স্থানীয় স্তরে তাঁকে 'বাংলার যোগী' হিসেবেও অভিহিত করা শুরু হয়েছে। আধ্যাত্মিক জগতের মানুষ হয়েও যেভাবে তিনি রাজনৈতিক ময়দানে লড়াই করে রেকর্ড মার্জিনে জয় হাসিল করেছেন, তাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের গুডবুকে তাঁর নাম উঠে এসেছে বলে মনে করা হচ্ছে।

অপ্রত্যাশিত নামের জল্পনা কেন?

বিজেপি অতীতে অনেক রাজ্যেই মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে চমক দিয়েছে। রাজস্থান বা মধ্যপ্রদেশের মতো রাজ্যেও শেষ মুহূর্তে এমন নাম সামনে এসেছে যা রাজনৈতিক বিশ্লেষকদের ভাবনার বাইরে ছিল। সেই ধারা বজায় রেখে বাংলাতেও কি কোনো নতুন বা আধ্যাত্মিক মুখকে সামনে আনা হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। কালিয়াগঞ্জের জয়ী প্রার্থীকে মুখ্যমন্ত্রী করার সপক্ষে যাঁরা সওয়াল করছেন, তাঁদের যুক্তি হলো- এক জন সন্ন্যাসী মুখ্যমন্ত্রী হলে প্রশাসনে স্বচ্ছতা আসবে এবং হিন্দুত্বের আবেগকেও সঠিকভাবে ব্যবহার করা যাবে।

শপথগ্রহণের অপেক্ষা

তবে দলের অন্দরের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদীয় বোর্ড। শুভেন্দু অধিকারীর মতো অভিজ্ঞ প্রশাসক নাকি উৎপল মহারাজের মতো কোনো 'নতুন মুখ'- কার মাথায় বসবে বাংলার মুকুট, তা স্পষ্ট হবে আগামী ৯ তারিখের শপথগ্রহণ অনুষ্ঠানেই। আপাতত কালিয়াগঞ্জের এই জয়ী প্রার্থীকে ঘিরে তৈরি হওয়া জল্পনা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

প্রতিবেদক: বর্তমান ঠাকুর।

The post কালিয়াগঞ্জের 'উৎপল মহারাজ' কি বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? জল্পনা তুঙ্গে appeared first on এবেলা.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ebela Live