নিজস্ব প্রতিনিধিঃ আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের তদন্তে গাফিলতির অভিযোগে সাসপেন্ড হওয়া তিন আইপিএস আধিকারিক অভিষেক গুপ্ত, বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের সাসপেনশনের মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়েছে।
গত মে মাসে রাজ্য সরকার তাঁদের সাময়িক বরখাস্ত করার পাশাপাশি বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়।
অভিযোগ ছিল, আর জি কর কাণ্ডের তদন্তের প্রাথমিক পর্যায়ে দায়িত্ব পালনে গাফিলতি, নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে আচরণ এবং সরকারি অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে বক্তব্য রাখার মতো একাধিক বিষয়ে তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বিভাগীয় তদন্ত শুরু হয়। সূত্রের খবর, তদন্ত এখনও শেষ না হওয়ায় তিন আধিকারিকের সাসপেনশনের মেয়াদ আরও চার মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে সমস্ত তথ্য ও নথি খতিয়ে দেখা হচ্ছে। বিভাগীয় তদন্তের চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতেই তাঁদের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃনিম্নচাপের প্রভাবে সারাদিন মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি চলবে শহরে
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে আর জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সেই ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এরপরই তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করে রাজ্য সরকার।

