নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বাংলায় ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বিচিত্র বিচিত্র ঘটনা সামনে আসছে। গতকাল, মঙ্গলবার জানা গিয়েছিল নন্দীগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন কলকাতার গড়ফার বাসিন্দা আরও এক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন গড়ফার শুভেন্দু।
এবার বিচিত্র ঘটনা দেখা গিয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে। এই আসনে তিন প্রার্থীর নামই কৃষ্ণেন্দু! দল আলাদা, প্রতীক চিহ্ন আলাদা কিন্তু নাম এক। যা সকলকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ বিরোধী দল বিজেপির।
আরও পড়ুন: গাজোলে তৃণমূল প্রার্থীর প্রচারে 'সেলিব্রেটি তাস' ছোট পর্দার জনপ্রিয় মুখ 'ঝিলিক'
আসানসোলর এসডিএম অফিসে জমা দেওয়া মনোনয়ন ঘাটতেই দেখা গিয়েছে সেই অদ্ভূত ঘটনা। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে। ওই আসনেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। পুরোটাই ভোটারদের বিভ্রান্ত করার জন্য করেছে তৃণমূল। অভিযোগ বিজেপির। বিজেপি প্রার্থীর সঙ্গে নামের আবার মিল রয়েছে নির্দল প্রার্থী কৃষ্ণেন্দুর। আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘আমার নামটা এখন জনপ্রিয় হয়ে গিয়েছে। সকলেই সেই নাম নিচ্ছে। খুব ভালো লাগছে এটা দেখে। প্রথমে আমি নিজেই ঘাবড়ে গিয়েছিলাম। বিরোধীরা এত ভয় পেয়েছে, যে এইসব করতে হচ্ছে। এই ভয়টা থাকা ভালো। তবে প্রতিযোগীতা থাকুক, এটাই সুস্থ গণতন্ত্রের প্রতীক।’
বিজেপি প্রার্থী বিষয়টি হাল্কাভাবে নিলেও দলের তরফে ক্ষোভপ্রকাশ করা হয়েছে। সাংবাদিক বৈঠক করে ক্ষোভপ্রকাশ করেছেন জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, ‘ভোটারদের বিভ্রান্ত করা ও ভোটা টাকার কৌশল। এটা শাসকদলের চক্রান্ত। যদিও মানুষ এইসব চালাকি ধরে পড়েছে। কাকে ভোট দিতে হবে জানে।’ বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে কিছুই জানানো হয়নি। আসানসোল উত্তর রাজ্যের শাসকদল তৃণমূলের শক্তঘাঁটি। এই আসন থেকে ভোটে দাঁড়ান রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এবারও সেই আসনে প্রার্থী তৃণমূলের এই দুঁদে নেতা। তবে এই আসনে তিন কৃষ্ণেন্দুর লড়াই এক আলাদা মাত্র যোগ করেছেন রাজ্য রাজনীতিতে।

