নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন জেলায় দুর্নীতি, জমি দখল ও প্রভাব খাটিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের হচ্ছে। সেই আবহেই এবার কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষের বিরুদ্ধে জমি-বাড়ি জালিয়াতির অভিযোগ উঠেছে।
অভিযোগের ভিত্তিতে তাঁর পাশাপাশি মেয়ে প্রিয়র্দশনী ঘোষ এবং জামাইয়ের বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এবার তাদের তলব করল বিধাননগর উত্তর থানা। সূত্রের খবর, আগামী ২৬ জুন অতীন ঘোষকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিধাননগর থানার পুলিশ।
অভিযোগকারী বিধাননগরের এক ব্যবসায়ী। তাঁর দাবি, ২০১৭ সালে প্রগতি ময়দান থানা এলাকার একটি জমি ও বাড়ি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং ভয় দেখিয়ে বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে তাঁর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছিল। প্রথমে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করা হলেও পরে তদন্তের স্বার্থে মামলাটি বিধাননগর উত্তর থানায় পাঠানো হয়। পুলিশ অভিযোগের নথি খতিয়ে দেখা শুরু করেছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ। তাঁর দাবি, সম্পত্তি সংক্রান্ত লেনদেনটি আইন মেনেই হয়েছিল। তিনি বলেন, কলকাতায় কোনও সম্পত্তির টাইটেল পরিবর্তনের জন্য প্রবেট প্রয়োজন। বিক্রেতা পক্ষ এখনও সেই প্রবেট জমা দিতে পারেনি। তাঁদের দাবি, চুক্তি অনুযায়ী অর্থ প্রদান করা হয়েছিল এবং বাকি অর্থ প্রবেট পাওয়ার পর দেওয়ার কথা ছিল।
আরও পড়ুনঃগ্রেফতারির ভয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আর্জি মানস ভুঁইয়ার
প্রিয়দর্শিনীর আরও অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর পরিবার ভুয়ো নথি ব্যবহার করে একাধিক সম্পত্তি বিক্রির চেষ্টা করেছেন। তাঁর বক্তব্য, অতীন ঘোষের দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও এমন অভিযোগ ওঠেনি। বরং তাঁদের পরিবারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তিনি অভিযোগকারীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন। এখন তদন্তের অগ্রগতি এবং আদালতের পরবর্তী নির্দেশের দিকেই নজর সকলের।

