নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ৩৭০ অনুচ্ছেদ সংবিধান থেকে বাতিলের বর্ষপূর্তি। সেই কারণে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। সেই কথা মাথাতে রেখেই অমরনাথ যাত্রা আপাতত স্থগিত করল জম্মু ও কাশ্মীর পুলিশ। আজ, বুধবার, ৫ আগস্ট জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পুণ্যার্থীদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই সূত্রের খবর।
জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে প্রাথমিক অনুমান অমরনাথ যাত্রা স্থগিতের পিছেন রয়েছে জঙ্গি হামলার আশঙ্কা। সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সপ্তম বর্ষপূর্তি আজ। সেই কারণেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জম্মু ও কাশ্মীরজুড়ে। আজ, বুধবার সকালে জম্মু বেস ক্যাম্প থেকে নতুন করে কোনও অমরনাথ যাত্রীর দলকে পহেলগাঁও ও বালতালের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তার কথা মাথায় রেখে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কেও সেনাবাহিনী এবং প্রশাসনিক কর্তাদের গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। এই জাতীয় সড়ক গোটা দেশকে জুড়েছে জম্মু ও কাশ্মীরের সঙ্গে। তাই নিরাপত্তা বাড়ানো হয়েছে ওই সড়কপথে।
আরও পডুন: বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল
বেশ কিছুদিন ধরেই জম্মু ও কাশ্মীরে অতি ভারী বৃষ্টি হয়েছে। সেই কারণে স্থগিত ছিল অমরনাথ যাত্রা। আবহাওয়া পরিষ্কার হতেই ফের শুরু হয়েছে এই তীর্থযাত্রা। চলতি বছরে এখনও পর্যন্ত, ৪.৬০ লক্ষেরও বেশি পুণ্যার্থী অমরনাথ যাত্রা সম্পন্ন করেছে। গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে এই তীর্থযাত্রা। আবহাওয়া অনুকূল থাকলে আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে অমরনাথ যাত্রা।

