নিজস্ব প্রতিনিধি: মৌসুমি অক্ষরেখা ও সক্রিয় নিম্নচাপ রেখা, এই দুইয়ের ফলায় ভাসতে চলেছে বাংলা। তার সঙ্গে যোগ দিচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্ত। যা আগামী দুদিনে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস সেই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে এগিয়ে আসবে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে।
যার ফলে সপ্তাহের শেষে বৃষ্টি আরও বাড়বে গোটা বাংলায়। তবে আগামিকাল বুধবার থেকে মৌসুমি অক্ষরেখা ও সক্রিয় নিম্নচাপ রেখার প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ছয় জেলায়। সেই জেলাগুলি হল- উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। তবে এই সিস্টেম থেকে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।
আরও পডুন: ফ্রান্সে দাবানলের পর মাটি খুঁড়ে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা
আলিপুর আবহাওয়া দফতর, আজ, মঙ্গলবার দুপুরে বুলেটিনে জানিয়েছে, শুধুমাত্র বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নয়, সক্রিয় মৌসুমি অক্ষরেখার জন্যই বৃষ্টি বাড়বে দক্ষিণে। উত্তরবঙ্গে আজ, মঙ্গলবার রাত থেকেই ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। হাওয়া অফিস জানিয়েছে, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে এদিন রাতে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি লাল সতর্কতা। আগামিকাল বুধবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে- দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।
আগামী বৃহস্পতিবার শহর কলকাতায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। জুলাইতে একাধিক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হওয়ায় ঘাটতি কমেছে। আগস্টের শুরু থেকেই বৃষ্টির জেরে ঘাটতি কমার কথা।

