সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: আপনিও কি শিয়ালদা শাখার নিত্যযাত্রী? তাহলে আপনার জন্য রইল বড় খবর। সপ্তাহের শুরুতেই স্বস্তির খবর নিয়ে এল পূর্ব রেল (Eastern Railway Zone)। আজ অর্থাৎ সোমবার থেকে আগামী দুই মাসের জন্য বনগাঁ, ক্যানিং এবং ডায়মন্ড হারবার শাখার বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বাড়ানো হল।
যার ফলে মাঝপথে ট্রেন বদলানোর ঝামেলা এবার অনেকটাই কমবে আর ব্যস্ত সময় যাত্রীরা সরাসরি তাঁদের গন্তব্যে পৌঁছতে পারবে। জেনে নিন বিস্তারিত।
বনগাঁ শাখায় এবার ট্রেনগুলো সরাসরি বনগাঁয়
পূর্ব রেলের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, বনগাঁ শাখায় যে সমস্ত ট্রেন আগে দত্তপুকুর বা গোবরডাঙ্গায় গিয়ে যাত্রা শেষ করত সেগুলোর রুট বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই তালিকায় রয়েছে-
১) ৩৩৬১৭ শিয়ালদা – দত্তপুকুর লোকাল: এখন থেকে এই ট্রেনটি সরাসরি বনগাঁ স্টেশন পর্যন্ত যাবে। এটি সকাল ১১:৪৪ মিনিটে বনগাঁ পৌছবে আর ফিরতি পথে ৩৩৬২২ নম্বর হয়ে বেলা ১১:৫০ মিনিটে বনগাঁ থেকে শিয়ালদার উদ্দেশ্যে আবার রওনা দেবে।
২) ৩৩৬৮৫ শিয়ালদা – গোবরডাঙ্গা লোকাল: এই ট্রেনটি রাত ৮:৩০ মিনিটে এবার শিয়ালদা থেকে ছেড়ে সরাসরি বনগাঁয় পৌঁছবে গোবরডাঙ্গা স্টেশনে বদলে। আর এটি রাত ১০:৩১ মিনিটে বনগাঁ স্টেশনে পৌঁছবে বলে জানানো হয়েছে।
৩) ৩৩২৭১ দমদম – গোবরডাঙ্গা লোকাল: এই ট্রেনটি এবার সরাসরি বনগাঁ পৌঁছবে। এটি সন্ধ্যা ৭:২৫ মিনিটে দমদম থেকে ছেড়ে বনগাঁ পৌঁছবে রাত ৯:০৪ মিনিটে।
ক্যানিং শাখায় বড় বদল
এদিকে ক্যানিং রুটে আগে যে ট্রেনগুলো চম্পাহাটি বা ঘুটিয়ারি শরীফ পর্যন্ত চলত, সেগুলির গন্তব্য এখন ক্যানিং পর্যন্ত করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ৩৪৩৯২ এবং ৩০৫৫২। ট্রেন দুটি এখন সরাসরি ক্যানিং পর্যন্ত পৌঁছবে। এমনকি ফিরতি পথে ৩০৫১১ এবং ৩৪৩৯১ নম্বর হয়ে ট্রেন দুটি ক্যানিং স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি, আরও নামবে পারদ? আজকের আবহাওয়া
ডায়মন্ড হারবার এবং মগরাহাট শাখা
এছাড়াও ডায়মন্ড হারবার শাখার যাত্রীদের জন্য ভিড় সামাল দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ৩৪৮৯৮ শিয়ালদা – মগরাহাট লোকালটি এবার রুট বাড়িয়ে ডায়মন্ড হারবার পর্যন্ত করে দেওয়া হয়েছে। আর ট্রেনটি রাত ৮:৩৮ মিনিটে ডায়মন্ড হারবারে পৌছবে বলে জানানো হয়েছে। এতে নিত্যযাত্রীদের ভোগান্তি অনেকটাই দূর হবে।
