"বিকাশবাবু আইনের উর্দ্ধে নয়"- বললেন শুভেন্দু
বিকাশ ভট্টাচার্যর বাড়িতে করা আক্রমন করেছে? সেই প্রশ্নের উত্তরে তিনি সমাজ মাধ্যমে লিখেছেন,'হিন্দুত্ববাদী দুষ্কৃতীরা'। আর যত গোল বেঁধেছে এইখানেই। সিপিএম নেতা নিজের সমাজমাধ্যমে লেখেন, "আজ সকাল ৫টা নাগাদ হিন্দুত্ববাদী গুন্ডারা আমার বাড়িতে হামলা চালাল।" আর 'হিন্দুত্ববাদী' শব্দটিতেই প্রবল আপত্তিপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সরাসরি হুঁশিয়ারি দেন, "বিকাশবাবু নিজের পোস্টে হিন্দুত্ববাদীদের আক্রমণ করেছেন। এটাকেও আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। গতকাল গরফা ও কসবা থানায় বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আজ সকালে সিপিকে আমি নির্দেশ দিয়েছি। বিএনএস অনুযায়ী এফআইআর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" বিকাশবাবুকে ডেডলাইন বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "উনি যদি আজকে পোস্ট কারেকশন করে দেন, তাহলে বেটার।" না হলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পোস্টটি নামিয়ে দেওয়ার জন্য কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এও বলেছেন, "ওঁর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, বিএনএস-র ধারা অনুযায়ী পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ হবে। উনি আইনের ঊর্ধ্বে নন।"
বিতর্কের সূত্রপাত বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা দিয়ে। বৃহস্পতিবার ভোরে বিকাশরঞ্জনের বাড়িতে হামলা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখ এবং মোটরবাইকের নম্বর প্লেট কাপড়ে ঢেকে এক দুষ্কৃতী প্রবীণ আইনজীবীর বাড়ির সামনে এসে উপস্থিত হয়। এরপর ব্যাগ থেকে একের পর এক কাচের মদের বোতল বের করে সোজা বাড়ি লক্ষ্য করে ছুড়তে থাকে। অশালীন মন্তব্যও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় শুরু হয় রাজনৈতিক বিতর্ক। তৈরি হয় নতুন সমীকরণও। ঘটনার তীব্র প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'বিকাশদা'কে নিয়ে লম্বা পোস্ট করেন। তাঁকে ফোনও করেন। এই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত অবিভক্ত তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু এই সবের মাঝে বিকাশবাবুর সমাজমাধ্যমে একটি পোস্ট ঘিরে শুরু হয় নতুন বিতর্ক।

