সংঘকে বেনজির আক্রমণ রাহুলের
বিতর্ক সমানে চলেছে। একদিকে সংঘ ও বিজেপি আর অন্যদিকে কংগ্রেস ও ইন্ডিয়া জোট। এবার তাই নতুন মাত্র পেলো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) পুরুষ-সর্বস্ব, সংবিধানবিরোধী একটি গোষ্ঠী। ওরা বিশ্বাস করে, নারীরা পুরুষদের সম্পত্তি। ঠিক এই ভাষাতেই সংঘকে বেনজির আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
তাঁর এই মন্তব্যের পরই পালটা জবাব দিয়েছে বিজেপি। মঙ্গলবার রাহুল তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, 'আরএসএস হল পুরুষ-কেন্দ্রিক, সংবিধান-বিরোধী একটি সংগঠন, তারা মনে করে, নারীরা পুরুষদের সম্পত্তি। আমি শিব-শক্তিতে বিশ্বাস করি। আর ঠিক এই কারণেই তাদের বিরুদ্ধে লড়াই করতে আমার এত আনন্দ হয়। সবচেয়ে সুন্দর ব্যাপার হল, তাদের মতাদর্শে বিশ্বাসী অনেক নারীই আজ আমার পক্ষে দাঁড়িয়েছেন।'
কংগ্রেস সাংসদের এই মন্তব্যের পরই পালটা আক্রমণ শানান মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম। জনান, সংঘের একটি মহিলা শাখা রয়েছে। রাহুল সেটা জানেনই না। তিনি বলেন, "রাহুল প্রায়শই আরএসএস-কে নিয়ে নানা মন্তব্য করেন। রাজনৈতিক অভিযোগ কিংবা সমালোচনার অধিকার অবশ্যই তাঁর রয়েছে, তবে তা করার আগে তাঁর বিষয়টি ভালোভাবে জেনে নেওয়া উচিত। তিনি কি জানেন না যে আরএসএস-এর মহিলাদের জন্যও একটি শাখা রয়েছে? দেশজুড়ে এটি সক্রিয়। এখানে নারীরা পুরুষদের মতোই সমান গুরুত্বের সঙ্গে কাজ করেন।" রাম কদমের পাশাপাশি গেরুয়া শিবিরের একাধিক নেতাও রাহুলের সমালোচনায় সরব হয়েছেন।

