Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কলকাতায় অস্বস্তিকর আর্দ্রতা, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

কলকাতায় অস্বস্তিকর আর্দ্রতা, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

Truth Of Bengal 3 weeks ago

Truth of Bengal: কলকাতায় বৃষ্টির দাপট কিছুটা কমতেই আবার শুরু হয়েছে ভ্যাপসা গরম ও অস্বস্তি। বাতাসে মাত্রাতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতির কারণে ঘামে ভিজতে হচ্ছে শহরবাসীকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং শহর ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ ছুঁয়েছিল। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নামমাত্র বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কলকাতায় বৃষ্টির ঘাটতি থাকলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূম-এই ৮টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সম্ভাব্য এই দুর্যোগের কারণে সংশ্লিষ্ট জেলাগুলিতে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এড়িয়ে যাওয়া যাচ্ছে না।

অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার-এই পাঁচ জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যার ফলে সেখানে কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। এর পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা বহাল রাখা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির অধিকাংশ জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal