Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দুর্গাপুর পুরসভায় কাটমানি বিতর্ক! জাঁকিয়ে বসেছে দুর্নীতি চক্র?

দুর্গাপুর পুরসভায় কাটমানি বিতর্ক! জাঁকিয়ে বসেছে দুর্নীতি চক্র?

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর ৩১ জুলাই: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পুরসভার গাড়িতে জ্বালানি সরবরাহকে কেন্দ্র করে কাটমানি চাওয়ার অভিযোগ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পুরসভার বর্জ্যবাহী একটি গাড়ির চালক একটি নির্দিষ্ট পেট্রল পাম্পে গিয়ে পুরসভার এক আধিকারিকের নাম ব্যবহার করে কাটমানি দাবি করেছিলেন।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুরসভার অন্দরে শুরু হয়েছে জোর চর্চা।

অভিযোগ অনুযায়ী, কয়েক দিন আগে পুরসভার আবর্জনাবাহী গাড়ির চালক ভৈরব প্রামানিক জ্বালানি নিতে গিয়ে নগর নিগমের অ্যাসিস্ট্যান্ট কেয়ারটেকার রবীন সামন্তের নাম উল্লেখ করে কাটমানি দাবি করেন। বিষয়টি পেট্রল পাম্প কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট মহলে পৌঁছনোর পর তা নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন।

রবীন সামন্ত জানান, দুর্গাপুর পুরসভার গাড়িগুলির জন্য যে পেট্রল পাম্প থেকে নিয়মিত জ্বালানি নেওয়া হয়, সেখানে তাঁর নাম ব্যবহার করে কাটমানি চাওয়ার অভিযোগ সামনে এসেছে। বিষয়টি জানার পর তিনি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এদিকে, দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি পুরসভার কমিশনারের সঙ্গে কথা বলেছেন। তাঁর দাবি, প্রাথমিকভাবে অভিযুক্ত চালক ভৈরব প্রামানিককে কাজ থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাতসকালে দুর্গাপুরে NIA-এর হানা! নিউ স্টিল পার্ক থেকে গ্রেফতার এক ব্যক্তি

আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি! পুরকর্মীর বেপরোয়া আচরণ ঘিরে বিতর্ক দুর্গাপুরে

দুর্গাপুরে মাত্র ১ টাকায় টিউশন পড়ার সুযোগ!

এই ঘটনাকে কেন্দ্র করে ভৈরব প্রামানিককে ঘিরে আরও কিছু অভিযোগও সামনে এসেছে। পুরসভার কয়েকজন কর্মীর দাবি, অতীতে তৃণমূল পরিচালিত পুর বোর্ডের সময়ে তিনি প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ ছিলেন এবং সেই প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেন। এমনও অভিযোগ উঠেছে, তাঁর বিরুদ্ধে কেউ মুখ খুললে বা প্রতিবাদ করলে কাজ হারানোর ভয় দেখানো হতো।

নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন ভৈরব প্রামানিক। ফোনে তিনি জানান, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তদন্ত হলে সত্য সামনে আসবে বলেও দাবি করেন তিনি। ঘটনার জেরে দুর্গাপুর পুরসভার অন্দরে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Durgapur Darpan